২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বিমানে ১৪ দেশের নাগরিকের জন্য কঠোর তল্লাশি

যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা স্ক্রিনিং প্রক্রিয়ার আওতায় বিশ্বের ১৪টি দেশের নাগরিককে বিমানে ওঠার আগে পুরো শরীরে তল্লাশির মুখোমুখি হতে হবে। রোববার যুক্তরাষ্ট্র বিদেশি যাত্রীদের জন্য স্ক্রিনিংয়ের এ নতুন প্রক্রিয়ার ঘোষণা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2010, 06:02 AM

Updated : 24 Aug 2022, 06:02 PM

ওয়াশিংটন, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা স্ক্রিনিং প্রক্রিয়ার আওতায় বিশ্বের ১৪টি দেশের নাগরিককে বিমানে ওঠার আগে পুরো শরীরে তল্লাশির মুখোমুখি হতে হবে। রোববার যুক্তরাষ্ট্র বিদেশি যাত্রীদের জন্য স্ক্রিনিংয়ের এ নতুন প্রক্রিয়ার ঘোষণা দিয়েছে। নাইজেরিয়া, ইয়েমেন, পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরবসহ আরও ৯টি দেশের নাগরিককে বিমানে ওঠার আগে পুরো শরীরে তল্লাশি করা হবে। সোমবার থেকেই নতুন এ প্রক্রিয়ায় কার্যক্রম শুরু হবে। বড়দিনে যুক্তরাষ্ট্রের ডেট্রোয়েটগামী বিমানে এক নাইজেরীয় হামলা চেষ্টা চালানোর পর নতুন এ ঘোষণা দেওয়া হয়েছে। ইয়েমেনের আল কায়েদা ওই নাইজেরীয়কে প্রশিক্ষণ দিয়েছে বলে মার্কিন কর্মকর্তারা ধারণা করছে। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানান, 'সন্ত্রাসে মদদদাতা দেশ' এর তালিকায় থাকা কিউবা, ইরান, সুদান, সিরিয়া , আলজেরিয়া, ইরাক, লেবানন, লিবিয়া, সোমালিয়ার যাত্রীদের উচ্চপর্যায়ের তল্লাশির পর বিমানে ওঠানো হবে। যুক্তরাষ্ট্রের তালিকায় থাকা প্রায় সবগুলো দেশই মুসলিম দেশ হিসেবে পরিচিত। নাম প্রকাশে অনিচ্ছুক ওবামা প্রশাসনের ওই কর্মকর্তা জানান, এসব দেশের যাত্রীদের এবং তাদের সঙ্গে থাকা ব্যাগপত্র তল্লাশি করা হবে এবং উন্নত প্রযুক্তির স্ক্যানারের মাধ্যমে শরীরে কোনো বিস্ফোরক বা অস্ত্র লুকানো আছে কিনা তা দেখা হবে। এতে আরও জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রগামী যেকোনো বিমানযাত্রী এ নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১১৫৫ ঘ.