বাগদাদ, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০০৯ সালে ইরাকে সহিংসতায় মৃত্যুর সংখ্যা কমে সাড়ে চার হাজারে দাঁড়িয়েছে, যা ২০০৮ সালের প্রায় অর্ধেক বলে এক সমীক্ষায় বলা হয়েছে।
তবে যুদ্ধবিধ্বস্ত ইরাকের নিরাপত্তা অগ্রগতি এখনো স্লথ এবং বড় ধরনের হামলাও থেমে নেই বলে মানবাধিকার সংগঠন ইরাক বডি কাউন্ট (আইবিসি) এর সমীক্ষা প্রতিবেদনে বলা হয়।
শুক্রবার প্রকাশিত ওই সমীক্ষা প্রতিবেদনে দেখা যায়, ২০০৯ সালের জানুয়ারি থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ইরাকে সহিংসতায় ৪ হাজার ৪৯৭ বেসামরিক মানুষ নিহত হয়।
২০০৩ সালে হামলার পর এটাই সবচেয়ে কম মৃত্যুর বছর। ২০০৮ সালে এ সংখ্যা ছিলো ৯ হাজার ২২৬।
২০০৬ ও ২০০৭ সালে যে পরিমাণ সরকারি কর্মকর্তা নিহত হয়েছে, এ বছর তা কমে আসায় যুক্তরাষ্ট্র এবং ইরাকের কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ২০০৬ সালের শেষ দিকে এবং ২০০৭ সালের শুরুর দিকে ইরাকে সহিংসতার হার সবচেয়ে বেশি ছিলো। ওই সময় প্রতি সপ্তাহে প্রায় ১৭শ' হামলা নথিভুক্ত করা হয়েছে। যা ২০০৯ সালে কমে ২০০টিতে দাঁড়িয়েছে।
তবে প্রতিবেদনটিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যে সব হামলায় ৫০ জনের বেশি মানুষ নিহত হয়, এ বছর এ ধরনের বড় হামলায় মৃতের সংখ্যা বেড়েছে।
২০০৮ সালে এ ধরনের নয়টি বড় হামলায় যেখানে ৫৩৪ জন মানুষ প্রাণ হারিয়েছে, সেখানে ২০০৯ সালে আটটি হামলায় প্রাণ হারানো মানুষের সংখ্যা ৭৫০ জন।
আইবিসির মুখপাত্র জন স্লোবোডা বলেন, "বিশ্বের যে কোনো দেশের চেয়ে ইরাকে দৈনিক সন্ত্রাসী ও অস্থিতিশীল ঘটনার সংখ্যা আফগানিস্তান ও পাকিস্তানের চেয়েও বেশি।
"সহিংসতা নিরসনে ইরাকি কর্তৃপক্ষের অক্ষমতার পাশাপাশি পশ্চিমা রাজনীতিক ও ভাষ্যকাররাও সন্তুষ্টির ঢেকুর তোলেন এই ভেবে যে, ইরাক সমস্যার সমাধান হয়ে গেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এমআই/
bdnews24