লন্ডন, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---নববর্ষের দিনে ব্রিটেনে জন্মানো প্রতি পাঁচ শিশুর একজন স্কুল শুরুর সময়ের মধ্যেই মুটিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শিশুদের বেশি বেশি খাবার খাওয়া কিংবা খাওয়ানো ঠেকানো না গেলে এ প্রবণতা দেখা দেবে। যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ শুক্রবার একথা জানিয়েছে।
জনস্বাস্থ্য মন্ত্রী জিলিয়ান মেরন বলেন, নববর্ষের প্রথম দিন জন্মানো সম্ভাব্য ১৫ শ' শিশুর মধ্যে তিনশ'রও বেশি শিশু পাঁচ বছর বয়সের মধ্যেই মুটিয়ে যেতে পারে কিংবা ওজন বেড়ে যেতে পারে। তাই এসব শিশুর মায়েদেরকে সুষম খাবারের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন জিলিয়ান।
তিনি বলেন, "ভবিষ্যতে শিশুর স্বাস্থ্য কেমন যাবে তা নির্ধারিত হয়ে যায় তাদের জীবনের প্রথম কয়েকটি বছরেই।" মুটিয়ে যাওয়ার প্রবণতা এখনও অনেক বেশি বলে মন্তব্য করেন তিনি।
বিশ্বজুড়ে মানুষের মধ্যে মোটা হওয়ার প্রবণতা বাড়ছে। ফলে স্বাস্থ্য বিভাগকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ডায়াবেটিস, হৃদরোগ এবং ক্যান্সারের মতো রোগ সামলাতে।
গত মাসে এক প্রতিবেদনে জানা যায়, ২০১৫ সালের মধ্যে ইংল্যান্ডের প্রতি ১০ জন শিশুর একজন অতিশয় স্থূলকায় হবে।
তাই যুক্তরাজ্যের সরকার উঠেপড়ে লেগেছে মোটার হার কমাতে। স্বাস্থ্যমন্ত্রী মেরন এরই মধ্যে শিশুদের সঠিক খাদ্যাভাস গড়ে তোলার জন্য প্রচারাভিযান চালাচ্ছেন। শিশুদেরকে মায়ের দুধ পান করাতে বলা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি যেন শক্ত খাবার না দেওয়া হয় তার প্রচারণাও চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭৩০ ঘ.
bdnews24