তেহরান, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- জেনেভায় ছয় বিশ্বশক্তির সঙ্গে বৃহস্পতিবারের বৈঠকে ইরান তাদের পরমাণু 'অধিকার' সংশ্লিষ্ট কোনও বিষয় নিয়ে আলোচনা করবে না। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলি আকবর সালেহি মঙ্গলবার একথা বলেছেন।
ইরানের নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্টটি পরমাণু অধিকারের আওতায় পড়বে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সালেহি। এই প্ল্যান্ট তৈরির কথা জানিয়ে ইরান পশ্চিমাদের সমালোচনার শিকার হয়েছে।
সালেহি সাংবাদিকদের বলেন, "আমরা আমাদের পরমাণু অধিকার সংশ্লিষ্ট কোনও কিছু নিয়েই আলোচনা করব না। তবে আমরা নিরস্ত্রীকরণ, পরমাণু অস্ত্র বিস্তার রোধ এবং অন্যান্য সাধারণ বিষয় নিয়ে আলোচনা করতে পারি।"
সালেহি বলেন, "নতুন পরমাণু স্থাপনাটি আমাদের অধিকারের পর্যায়ে পড়ে। কাজেই এটি নিয়ে আলোচনার কোনও প্রয়োজন নেই।"
তিনি আরও বলেন, "ইরান এমনকি এক মুহূর্তের জন্যও পারমাণবিক কর্মসূচির পরিহার করবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫০ ঘ.
bdnews24