২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনেস্কোয় পরাজিত প্রার্থী দুষলেন আমেরিকা ও ইহুদি লবিকে

জাতিসংঘের সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক সংস্থা ইউনেস্কোর প্রধান পদে আসীন হতে না পারার জন্য মিশরের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফারুক হোসনি যুক্তরাষ্ট্র ও ইহুদি লবিকে দায়ী করেছেন। গত বছর তার একটি মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2009, 02:11 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

কায়রো, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘের সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক সংস্থা ইউনেস্কোর প্রধান পদে আসীন হতে না পারার জন্য মিশরের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফারুক হোসনি যুক্তরাষ্ট্র ও ইহুদি লবিকে দায়ী করেছেন। গত বছর তার একটি মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। ইউনেস্কো শীর্ষ পদের জন্য এ সপ্তাহে চূড়ান্ত দফা ভোটাভুটিতে হোসনি বুলগেরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইরিনা গুয়েরগুইভার কাছে হেরে গেছেন। হোসনি শুক্রবার রাষ্ট্রপরিচালিত আল-আকবর পত্রিকাকে বলেছেন, "ইউনেস্কোয় আমার বিরোধিতায় প্রকাশ্যে নেমেছিল যুক্তরাষ্ট্র। বেশ কয়েকটি ইউরোপীয় দেশও তাল মিলিয়েছে।" তিনি বলেন, "আর পর্দার অন্তরাল থেকে ইহুদি সংস্থা ও লবিগুলো আমার বিরুদ্ধে মিথ্যার বেসাতি করেছে।" ৭১ বছর বয়সী হোসনি আরব বিশ্ব থেকে ইউনেস্কোর প্রথম প্রধান হওয়ার জন্য জনপ্রিয় প্রার্থী ছিলেন। কিন্তু গত বছর পার্লামেন্টে তীব্র এক বিতর্কে তিনি বলেছিলেন, মিশরের কোনো লাইব্রেরিতে তিনি ইসরায়েলি বই পেলে তা পুড়িয়ে ফেলবেন। এছাড়া শোনা যায়, তিনি ইসরায়েলি সংস্কৃতিকে 'অমানবিক' ও অভিহিত করেছিলেন। একজন চিত্রশিল্পী থেকে প্রায় দুই দশক ধরে সংস্কৃতিমন্ত্রী হোসনি পরে ওই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। মিশর প্রথম আরব দেশ হিসেবে ১৯৭৯ সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করলেও তাদের মধ্যে সম্পর্ক এখনো শীতল অবস্থায় রয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের কারণে মিশরীয় ও আরবদের অনেকেই ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার বিরোধী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯৫৬ ঘ.