ভিয়েনা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরান জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থাকে জানিয়েছে, তাদের পরমাণু সমৃদ্ধকরার দ্বিতীয় একটি প্লান্ট তৈরির কাজ এগিয়ে চলেছে। কূটনীতিকরা শুক্রবার রয়টার্সকে একথা জানিয়েছেন।
কূটনীতিকরা বলেন, তেহরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক মোহাম্মেদ আলবারাদিকে এক চিঠিতে এই দ্বিতীয় প্লান্টের অস্তিত্বের কথা জানানো হয়েছে।
আইএইএ'র সঙ্গে ঘনিষ্ট একজন ঊর্ধ্বতন কূটনীতিক বলেছেন, ইরান আইএইএ-কে জানিয়েছে, স্থাপনাটি পরীক্ষামূলক, এর সমৃদ্ধকরণ ইউনিটটি এখনো চালু হয়নি।
এতদিন ধরে জানা ছিল, ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধ করার একটি প্ল্যান্টই আছে। নাতানজে নামক স্থানে ভূগর্ভে বিশাল এলাকাজুড়ে ওই স্থাপনায় ইরান কম-সমৃদ্ধ ইউরোনিয়ামের মজুদ গড়ে তুলেছে এবং প্রায় ৫ হাজার সেন্ট্রিফিউজ মেশিনে সমৃদ্ধকরার কাজ চালিয়ে যাচ্ছে।
পরমাণু সমৃদ্ধ করা বন্ধ না করায় এবং পরমাণু বোমা বানানোর সন্দেহ দূর করতে ব্যর্থ হওয়ায় দেশটিতে জাতিসংঘের নিষেধাজ্ঞা চলছে।
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তৃতায় তার দেশের পরমাণু কর্মসূচি নিয়ে সরাসরি কোনো কথা বলেননি।
তিনি "অস্ত্র প্রতিযোগিতা বন্ধ এবং সবধরনের পরমাণু, রাসায়নিক ও জীবাণু অস্ত্র নির্মূল করে সব দেশের জন্য শান্তিপূর্ণ ও সর্বাধুনিক প্রযুক্তির অধিকার" দাবি করেন।
বরাবরের মতো আহমাদিনেজাদ বলেছেন, "পরমাণু প্রযুক্তি অর্জনের বৈধতা ও বৈধ অধিকার সংরক্ষণ করে ইরান।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৩২ ঘ.
bdnews24