ডেনভার, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নাশকতার পরিকল্পনায় জড়িত সন্দেহে যুক্তরাষ্ট্রের কলরাডো অঙ্গরাজ্য এবং নিউ ইয়র্ক থেকে বাব-ছেলেসহ আফগান বংশোদ্ভূত তিন ব্যক্তিকে শনিবার গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কিছু স্থাপনা উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রের বিষয়ে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন-এফবিআই এজেন্টদের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।
গ্রেপ্তার তিনজন হলেন- কলরাডোর অঙ্গরাজ্যের ডেনভারের নাজিবুল্লাহ জাজি (২৪), তার বাবা মোহাম্মদ ওয়ালি জাজি (৫৩) এবং নিউ ইয়র্কের আহমদ ওয়াইস আফজালি (৩৭)। সোমবার তাদের আদালতে হাজির করা হতে পারে। অভিযোগ প্রমাণিত হলে তাদের আট বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।
বিচার বিভাগের মুখপাত্র জানান, গ্রেপ্তার করা নাজিবুল্লাহ ডেনভার বিমানবন্দরের শাটল বাসের চালক। তাকে এফবিআই তিনদিন জিজ্ঞাসাবাদ করেছে। নাজিবুল্লাহর বাবা মোহাম্মদ ওয়ালিকে ডেনভারের উপকণ্ঠ অরোরায় এফবিআই'র হেফাজতে নেওয়া হয়েছে।
আহমদ ওয়াইস আফজালি নিউইয়র্কের কুইন্স বোরো এলাকায় থাকেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল ডেভিড ক্রিস এক বিবৃতিতে জানান, চলমান ও দ্রুত তদন্তের অংশ হিসেবে শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ক্রিস বলেন, "পরিকল্পিত হামলার লক্ষ্য, স্থান ও সময়ের ব্যাপারে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।"
মামলার হলফনামা অনুসারে তিনজনের মধ্যে যোগসাজশের প্রমাণ রয়েছে। এছাড়া নাজিবুলাহর পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যাতায়াত এবং এফবিআই এজেন্টরা ১১ সেপ্টেম্বর তার ভাড়া গাড়িতে তল্লাশি করে বিস্ফোরক সরঞ্জাম তৈরির নির্দেশনাসহ ল্যাপটপ কম্পিউটার উদ্ধার করেছে বলেও উল্লেখ রয়েছে হলফনামায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএসবি/এমএইচবি/১৮২০ ঘ.
bdnews24