সানা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইয়েমেনের উত্তরাঞ্চলে একটি শরণার্থী শিবিরে বুধবার সেনাবাহিনীর বিমান হামলায় ৮৭ জন নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই নারী, শিশু ও বৃদ্ধ বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। সরকারী বাহিনী ওই এলাকায় শিয়া বিদ্রোহীদের দমন করার চেষ্টা করছে। শরণার্থী শিবিরের একটি সূত্রে ও কয়েকটি সংবাদ প্রতিবেদনে বৃহস্পতিবার একথা জানা গেছে।
ইয়েমেনের সেনাবাহিনী আগস্টের মাঝামাঝি সময় থেকে বিদ্রোহিদের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে লড়াই জোরদার হয়েছে। হার্ফ সুফিয়ানের ওই শরণার্থী শিবিরের এক শরণার্থী বুধবার বিকালের বিমান হামলায় প্রায় ৮৭ জন নিহত হওয়ার কথা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই শরণার্থী বৃহস্পতিবার সব মৃতদেহ সমাহিত করা হয়েছে বলে জানান। তিনি বলেন সেনাবাহিনীর বিমান হামলায় সবাই হতচকিত হয়ে পড়ে। নিরপেক্ষ ওয়েবসাইট নিউজ ইয়েমেন ৮৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে সাইটটি জানায়, শিবিরের লোকজন ঘুমিয়ে থাকার সময় তাদের ওপর এ হামলা হয়। এরপরও আরও একবার হামলা হয়েছে। সরকারি একটি বিবৃতিতে বলা হয়েছে, ওই এলাকায় কোনও শরণার্থী শিবির নেই। তারা সেখানে হামলার কথা নিশ্চিত কিংবা অস্বীকার কোনওটিই করেনি।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলার ঘটনাটি ইয়েমেন সরকারের তদন্ত করা উচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩০ ঘ.
bdnews24