কাবুল, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বৃহস্পতিবার বলেছেন, তার ধারণা, দেশের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির যে অভিযোগ উঠেছে তা অতিরঞ্জিত এবং নির্বাচন প্রক্রিয়া সততার সঙ্গে সম্পন্ন হয়েছে বলেই তিনি বিশ্বাস করেন।
বুধবার প্রকাশিত নির্বাচনের প্রাথমিক পূর্ণাঙ্গ ফলে ৫৪ শতাংশেরও বেশি ভোট পেয়ে প্রথম দফায় জয়ী হয়েছেন কারজাই। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল তার জয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।
জালিয়াতি খতিয়ে দেখতে ইতোমধ্যেই জাতিসংঘের নির্বাচন নজরদারি কমিশনের নির্দেশিত ১০ শতাংশ ভোট পুনর্গণনা না হওয়া পর্যন্ত নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে না। ফলে কারজাইও নির্বাচনে চূড়ান্ত জয় দাবি করেননি।
জালিয়াতির অভিযোগ যাচাই প্রক্রিয়া আপন গতিতেই চলতে হবে বলে মন্তব্য করেছেন কারজাই। তবে নির্বাচনের ফল উল্টে দেওয়ার মতো ব্যাপক জালিয়াতির যে কথা উঠেছে তা আমল দেননি তিনি। ২য় দফা ভোট অনুষ্ঠানে বাধ্য হওয়ার বিষয়টিকেও তেমন পাত্তা দেননি কারজাই।
২০ আগস্টের নির্বাচনের পর বৃহস্পতিবার প্রথম গণমাধ্যমে এক কনফারেন্সে কারজাই বলেন, "আমি দৃঢ়ভাবে এবং অত্যন্ত দৃঢ়ভাবেই নির্বাচন প্রক্রিয়া, আফগান জনগণ এবং এ প্রক্রিয়ায় সরকারের সততায় বিশ্বাস করি।"
তিনি আরও বলেন, "বিশ্বের অন্যান্য দেশে নির্বাচনের মতো আফগানিস্তানের নির্বাচনেও কিছু সমস্যা এবং স্পর্শকাতরতা আছে। কিন্তু অত বেশি কিছু হয়নি যতটা গণমাধ্যমে বলা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫৯ ঘ.
bdnews24