২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকল্পনা বাদ দেবে যুক্তরাষ্ট্র

পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার পরিকল্পনা বাদ দেবে হোয়াইট হাউস। এ পদক্ষেপে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমবে বলেই মনে করা হচ্ছে। 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল' বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2009, 09:27 AM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার পরিকল্পনা বাদ দেবে হোয়াইট হাউস। এ পদক্ষেপে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমবে বলেই মনে করা হচ্ছে। 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল' বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে। প্রত্রিকাটিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিশ্বাস, ইরানের দূর পাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি আগে যতটা ধারণা করা হয়েছিল ততটা দ্রুত হয়নি। ফলে যুক্তরাষ্ট্র ও এর ইউরোপীয় মিত্র দেশগুলোর প্রতি ইরানের হুমকি কমে এসেছে। এ বিশ্বাস থেকেই যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে। খবরটি সত্য হলে ওবামা প্রশাসনের এ সিদ্ধান্তে মস্কো খুশি হবে। কিন্তু রাশিয়ার বিরুদ্ধে ওয়াশিংটনের সমর্থন প্রত্যাশী পূর্ব ইউরোপের দেশগুলো এতে উদ্বিগ্ন হয়ে পড়তে পারে। পোলিশ উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেজ ক্রেমার বৃহস্পতিবার রয়টার্সকে বলেন, ওয়ারশ বিভিন্ন সূত্র থেকে শুনেছে যে, পোল্যান্ডে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা না গড়ার সম্ভাবনা খুবই প্রবল। রাশিয়ার কর্মকর্তারা এ খবরের ব্যাপারে এখনই কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, "আমরা এই খবরগুলো নিশ্চিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নীতিগতভাবে এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কোন্নয়নে সহায়ক হবে।" প্রেসিডেন্ট বারাক ওবামা প্রতিরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করে দেখার নির্দেশ দিয়েছেন। ৬০ দিনের এ পর্যালোচনা আগামী সপ্তাহ নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে। বর্তমান ও সাবেক মার্কিন সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি একথা জানিয়েছে। বুশ প্রশাসন ইরানের মতো দুর্বৃত্ত রাষ্ট্রগুলোর হামলার হুমকি মোকাবেলা করার যুক্তিতে ইউরোপের ওই দুটি দেশে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার এ পরিকল্পনা নিয়েছিল। রাশিয়া এ ব্যবস্থাকে তাদের নিরাপত্তায় হুমকি উল্লেখ করে এর বিরোধিতা করে। কিন্তু ওয়াশিংটন এ অভিযোগ নাকচ করে বলে এসেছে, এ প্রতিরক্ষা ব্যবস্থার লক্ষ্য রাশিয়া নয়। ২০০৮ সালের আগস্টে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন এবং চেক প্রজাতন্ত্রে রাডার স্টেশন চালু করা নিয়ে বুশ প্রশাসনের চুক্তিও হয়েছে। ২০১২ সালে এই প্রতিরক্ষা ব্যবস্থা পূর্ণদ্যমে চালু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ওয়াল স্ট্রিট জার্নাল যুক্তরাষ্ট্র এ পরিকল্পনা বাদ দেবে বলে জানাল। তবে প্রতিবেদনে এও বলা হয়েছে যে, ওবামা প্রশাসন আপাতত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকল্পনা বাদ দিলেও তা পুনরায় চালুর পথ খোলা রাখবে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ইরানের ভবিষ্যৎ অগ্রগতির কথা মাথায় রেখেই একাজ করবে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২১ঘ.