২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দফা ভোটে জয়ী কারজাই, ইইউ'র সন্দেহ

আফগানিস্তানের নির্বাচনে প্রথম দফায় ৫৪ দশমিক ৬ শতাংশ ভোটে জয়ী হয়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। নির্বাচনী কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন। তবে ইউরোপীয় ইউনিয়ন তার জয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। কারজাইয়ের পক্ষে এক তৃতীয়াংশেরও বেশি ভোট জালিয়াতি হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন ইইউ'র নির্বাচনী পর্যবেক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2009, 08:33 AM

Updated : 26 Aug 2022, 12:04 PM

কাবুল/ওয়াশিংটন, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানের নির্বাচনে প্রথম দফায় ৫৪ দশমিক ৬ শতাংশ ভোটে জয়ী হয়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। নির্বাচনী কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন। তবে ইউরোপীয় ইউনিয়ন তার জয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। কারজাইয়ের পক্ষে এক তৃতীয়াংশেরও বেশি ভোট জালিয়াতি হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন ইইউ'র নির্বাচনী পর্যবেক্ষকরা। আফগান নির্বাচন কর্তৃপক্ষ বুধবার নির্বাচনের প্রাথমিক চূড়ান্ত ফল প্রকাশ করেছে। এতে দেখা গেছে, হামিদ কারজাইয়ের ৫৪ দশমিক ৬ শতাংশ ভোটের বিপরীতে প্রতিপক্ষ সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবদুল্লাহ পেয়েছেন ২৭ দশমিক ৮ শতাংশ ভোট। নির্বাচনের আনুষ্ঠানিক ফল এখনও ঘোষিত হয়নি। জাতিসংঘ-নিয়োজিত নির্বাচন নজরদারি কমিশনের নির্দেশিত ১০ শতাংশ ভোট পুনর্গণনা শেষ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক ফল ঘোষণা হবে না। কারজাই শিবিরের মুখপাত্র ওয়াহিদ ওমর বলেছেন, ইতোমধ্যেই ঘোষিত প্রাথমিক ফলে এটি স্পস্ট যে, ভোট জালিয়াতির কোনওরকম তদন্তেই এ ফল উল্টে যাওয়া একরকম অসম্ভব। আবুদুল্লাহ আবদুল্লাহ অলৌকিকভাবে বেশি ভোট পেয়ে থাকলেই কেবল কারজাইয়ের হার হওয়া সম্ভব। আব্দুল্লাহর মুখপাত্র এ ব্যাপারে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানাননি। ভোট জালিয়াতির তদন্ত শেষ না হওয়ায় আনুষ্ঠানিক ফল প্রকাশে আরও কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। এতে করে দীর্ঘায়িত হবে আফগানিস্তানের রাজনৈতিক অনিশ্চয়তা। ফলে দেশটির স্থিতিশীলতা নিয়ে সংশয় দেখা দেওয়াসহ পশ্চিমা দাতারাও ভবিষ্যৎ আফগান সরকারের সুস্পষ্ট ম্যান্ডেট নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। উপরন্তু বিতর্কিত নির্বাচনী ফলের কারণে দেশটিতে বাড়তি মার্কিন সেনা মোতায়েনের প্রেসিডেন্ট বারাক ওবামার পরিকল্পনা বাস্তবায়নও কঠিন হয়ে দাঁড়াবে। ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ফিলিপ মোরিল্লন রয়টার্সকে বলেন, ১৫ লাখ ভোট নিয়ে তদার দলের সংশয় রয়েছে। এর মধ্যে ১১ লাখ কারজাইয়ের পক্ষের ভোট এবং ৩ লাখ ভোট তার প্রতিপক্ষ আবদুল্লাহ আবদুল্লাহর। তিনি আরও বলেন, "ভোট গণনা বা জয়লাভের যে কোনও দাবিই আগেভাগে হয়ে যাবে। এটি বিশ্বাসযোগ্য হবে না। কারজাই শিবির বুধবার ভোট জালিয়াতির ইউরোপীয় পর্যবেক্ষকদের দাবি 'কাণ্ডজ্ঞানহীন' বলে প্রত্যাখ্যান করেছে। কারজাইয়ের পক্ষে ১১ লাখ ভোট নিয়ে সন্দেহ প্রকাশ করে বুধবার জালিয়াতির বিষয়টি খতিয়ে দেখার দাবি জানান মোরিল্লন। তিনি বলেন, জালিয়াতির বিষয়টি অবশ্যই খতিয়ে দেখতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৩০ ঘ.