মোগাদিসু, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মার্কিন কমান্ডো অভিযানে পূর্ব আফ্রিকার মোস্ট ওয়ান্টেড আল-কায়েদা জঙ্গি হত্যার নিন্দা জানিয়ে এর প্রতিশোধ নিতে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে সোমলিয়ার আল শাবাব বিদ্রোহীরা।
সোমালিয়ার দক্ষিণাঞ্চলে সোমবার মার্কিন বিশেষ বাহিনীর হামলায় শীর্ষ আল কায়েদা জঙ্গি সালেহ আলি সালেহ নাভান (২৮) নিহত হন। মার্কিন বাহিনী হেলিকপ্টার থেকে একটি গাড়িতে হামলা চালায়। ওই গাড়িতেই সালেহ ছিলেন বলে জানিয়েছে কয়েকটি মার্কিন সূত্র ও প্রত্যক্ষদর্শীরা।
কেনীয় বংশোদ্ভুত নাভানকে ২০০২ সালের কেনিয়ার হোটেলে বোমা হামলার জন্য সন্দেহ করা হয়ে থাকে। ওই হামলায় প্রায় ১৫ জন নিহত হয়েছিল। এছাড়া মোম্বাসা বিমানবন্দর ছেড়ে যাওয়া ইসরায়েলি এয়ারলাইনের একটি বিমানে ক্ষেপণাস্ত্র হামলার জন্যও তাকে দায়ী করা হয়।
সোমালি সরকারের একটি ঊর্ধবতন সূত্র জানিয়েছেন, পলাতক সালেহ নাভান 'আল শাবাব' বিদ্রোহী দলের কয়েকজন বিদেশি বিদ্রোহীর সঙ্গে একটি গাড়িতে করে যাচ্ছিলেন। রাজধানী মোগাদিসু থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণে বারাওয়ে জেলার রেইনবো গ্রামের কাছে গাড়িটি মার্কিন হেলিকপ্টার হামলার শিকার হয়।
আল শাবাব এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। দলটির মুখপাত্র শেখ বারে মোহাম্মদ ফারাহ খোজে রয়টার্সকে টেলিফোনে বলেছেন, "আল-শাবাব পশ্চিমা দেশগুলোকে বিশেষ করে আমেরিকাকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে.... আমরা তাদেরকে হত্যা করছি। আর তারা আমাদের তালাশ করছে।"
তিনি আরও বলেন, "আমরা যদি তাদেরকে নির্মূল করতে পারতাম! আমরা কখনওই আমাদের ভাইদের ভুলে যাব না--যাদেরকে যুক্তরাষ্ট্র অবৈধভাবে হামলার লক্ষ্য করেছে।"
সোমালিয়ায় বিদ্রোহী দল আল শাবাবকে আল কায়েদার প্রক্সি বলেই দাবি করে আসছে ওয়াশিংটন।
সোমালিয়ার সরকারি এক সূত্র জানান, মার্কিন অভিযানে নাভানসহ আরও চার বিদেশি জঙ্গি নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৪ ঘ.
bdnews24