অসলো, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভর না করে নবায়নযোগ্য 'সবুজ' জ্বালানির দিকে ঝুঁকলে ২০৩০ সাল নাগাদ বিশ্বব্যাপী জ্বালানি উৎপাদন খাতে আরও ২ দশমিক ৭ মিলিয়ন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। সোমবার এক গবেষণা প্রতিবেদনে একথা বলা হয়েছে।
পরিবেশ সংগঠন গ্রিনপিস এবং ইউরোপীয় নবায়নযোগ্য জ্বালানি পরিষদ 'ইআরইসি' পরিচালিত এই গবেষণায় বিশ্বের দেশগুলোর সরকারকে ডিসেম্বরে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠেয় জলবায়ু বিষয়ক জাতিসংঘ সম্মেলনে জলবায়ু পরিবর্তন রোধে একটি নতুন ও বলিষ্ঠ চুক্তিতে রাজি হওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, "কয়লা থেকে সরে এসে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে মনোনিবেশ করলে এতে যে কেবল ১০ বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নির্গমন এড়ানো যাবে তাই নয় বরং এতে করে ২০৩০ সাল নাগাদ ২ দশমিক ৭ মিলিয়ন কর্মসংস্থানও সৃষ্টি করা যাবে।"
গ্রিনপিস এর এ গবেষণা প্রতিবেদনের প্রধান গবেষক সেন তেসকে বলেছেন, সবুজ জ্বালানিকে কর্মসংস্থানের জন্য হুমকি মনে করে বিভিন্ন দেশের সরকার প্রায়ই ভুল করে থাকে। এ আশঙ্কা দূর করতে তিনি জার্মানিতে বাতাসচালিত শিল্প কারখানার অগ্রগতির কথা উল্লেখ করে বলেন, এ সব শিল্প জার্মানিতে গাড়িশিল্পের পর সবচেয়ে বেশি ইস্পাত ব্যবহার করে থাকে।
রয়টার্সকে তিনি বলেন, "নবায়নযোগ্য জ্বালানি শিল্প বহু কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।" বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে তিনি সৌর, বায়ু, স্রোতশক্তিসহ কাঠ এবং শস্যের বর্জ্যরে মতো উপাদান ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির কথা উল্লেখ করেন।
ইআরইসি এর মহাপরিচালক ক্রিস্টিন লিন্স বলেছেন, এই গবেষণায় প্রমাণ করেছে যে, জলবায়ু এবং অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি গুরুত্বপূর্ণ। তাছাড়া, এই জ্বালানি ব্যবহারে জ্বালানি উৎপাদন খাতে ২০৩০ সাল নাগাদ কর্মসংস্থান ২ মিলিয়নেরও বেশি বেড়ে ১১ দশমিত ৩ মিলিয়নে দাঁড়াবে বলে গবেষণায় অনুমান করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/১৭৪৮ ঘ.
bdnews24