২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানদের উপস্থিতি আফগানিস্তানের প্রায় প্রতিটি স্থানেই

আফগানিস্তানের প্রায় প্রতিটি স্থানেই তালেবানদের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। বৃহস্পতিবার আফগান নীতি-নির্ধারক বিষয়ক একটি গবেষণা প্রতিষ্ঠানের উপস্থাপিত এক নথিতে এ তথ্য জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2009, 07:23 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

সিঙ্গাপুর, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের প্রায় প্রতিটি স্থানেই তালেবানদের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। বৃহস্পতিবার আফগান নীতি-নির্ধারক বিষয়ক একটি গবেষণা প্রতিষ্ঠানের উপস্থাপিত এক নথিতে এ তথ্য জানানো হয়েছে। ২০ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশটি রাজনৈতিক অস্থিতিশীলতার দিকে এগিয়ে যাওয়ার সময়ে এ অবস্থার কথা জানাল প্রতিষ্ঠানটি। 'ইন্টারন্যাশনাল কাউন্সিল অন সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিওএস) প্রকাশিত এ নিরাপত্তা মানচিত্রে আরও জানানো হয়েছে, আফগানিস্তানের প্রায় ৯৭ শতাংশ অঞ্চলে তালেবানরা সক্রিয় রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই আফগানিস্তানে রাজনৈতিক বিতর্ক ঘনিয়ে উঠেছে। নির্বাচনে কারচুপির অভিযোগ উঠলেও প্রেসিডেন্ট হামিদ কারজাই তা অস্বীকার করে বলেছেন, নির্বাচন সততার সঙ্গে হয়েছে। যদিও বেশকিছু অভিযোগ প্রমাণিত হওয়ায় আংশিক ভোট গণনার নির্দেশ দিয়েছে মূলত জাতিসংঘের নিয়োগ করা ইলেকশন কমপ্লেইন্টস কমিশন (ইসিসি)। কয়েকটি কেন্দ্রের ভোট বাতিলও করেছে এই কমিশন। ২০০১ সালে মার্কিন অভিযানে তালেবানদের পতনের পর এ বছর সহিংতার হার অনেক বেড়ে গেছে। ২০০৯ সালে রেকর্ডসংখ্যক বেসামিরক আফগান ও পশ্চিমা সেনা নিহত হয়েছে। এ বিষয়টি মার্কিন ও ইউরোপীয় নেতাদের এক কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনকে প্রাথমিকভাবে তালেবানদের বাধার মুখে একটি সফলতা হিসেবেই দেখা হচ্ছিল। কিন্তু নির্বাচনে জালিয়াতি নিয়ে অভিযোগের কারণে দেশটিতে আরও অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা সৃষ্টি হয়েছে। এটি তাই এখন ওয়াশিংটনের জন্য প্রধান মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৪৪১ ঘ.