কারাকাস, ৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভেনেজুয়েলায় শনিবার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের হাজার হাজার সমর্থক ও বিরোধিদের পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে। এতে করে স্পষ্ট হয়ে উঠেছে ওপেকভুক্ত এ দেশটির স্যোশালিস্ট নেতা শ্যাভেজের নীতি নিয়ে ভেনেজুয়েলাবাসীদের মধ্যকার তীব্র বিভক্তি।
ভেনেজুয়েলার তেল ব্যবসায় উন্নতির সময়টিতে দরিদ্র জনগণ ও কর্মীদের জীবনযাত্রা মান উন্নয়ত হওয়ায় তাদের কাছে শ্যাভেজ জনপ্রিয়। কিন্তু দেশের অর্থনীতির অধিকাংশই জাতীয়করণ করা এবং এ বছর বিরোধীদলীয় রাজনীতিবিদ ও গণমাধ্যমের ওপর দমনাভিযানের কারণে অন্যান্যরা তার বিরুদ্ধে ক্ষ্যাপা।
এছাড়া শ্যাভেজের নতুন শিক্ষা আইন নিয়েও অনেকের ক্ষোভ রয়েছে। এ আইনে স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের ওপর সরকারি নিয়ন্ত্রণ আরও বাড়ানো হয়েছে।
কারাকাসে বিক্ষোভকারীদের একজনের নাম এলিয়ান। তিনি বলেন, "আমি আমার মেয়ের জন্য এবং ভেনেজুয়েলার সব শিশুর জন্য লড়াই করছি। কেননা এ লোকের নেতৃত্বে তাদের কোনো ভবিষ্যৎ নেই।"
ওদিকে, গত মাসে বেশ কয়েকটি বেতার স্টেশন বন্ধ করে দেওয়ায় বিরোধী দলও ক্ষেপে আছে শ্যাভেজের ওপর। শনিবার অবকাঠামো বিষয়ক মন্ত্রী ডাইওসডাডো ক্যাবেল্লো জানিয়েছেন, শিগগিরই আরও ২৯টি স্টেশন বন্ধ করে দেওয়া হবে।
এ বছর সরকার বিরোধী বেশ কয়েকটি বিক্ষোভ হয়েছে। সরকার বিরোধী এসব বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়েছে।
শ্যাভেজ এ বছর এক গণভোটে জয়ী হয়ে পুনরায় নির্বাচিত হওয়ার সুযোগ লাভ করেছেন। এর মানে, তিনি কয়েক দশকব্যাপী রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন থেকে যেতে পারেন। তবে বিরোধিরা তাকে জোর করে ক্ষমতাচ্যুত করতে চায়।
ভেনেজুয়েলায় বসবাসকারী সুইস নাগরিক সোনিয়া। তিনিও বিক্ষোভকারী দের একজন। তিনি বলেন, "আমাদের এই কমিউনিস্ট লোকের হাত থেকে মুক্তি পেতে হবে। আমরা গণবিপ্লব শুরু করছি।"
ওদিকে, বিরোধিদের বিক্ষোভের পাল্টা জবাবে পদযাত্রা করেছে শ্যাভেজের হাজার হাজার সমর্থক। শ্যাভেজের স্যোশালিস্ট পার্টির লাল পোশাক পরে কারাকসের রাস্তায় রাস্তায় সালসা মিউজিকের সঙ্গে নেচে নেচে তারা সড়ক প্রদক্ষিণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫১৫ ঘ.
bdnews24