মেহতার লাম, আফগানিস্তান, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় দেশটির গোয়েন্দা বিভাগের দ্বিতীয় প্রধানসহ কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। বুধবার পূর্বাঞ্চলীয় লাঘমান প্রদেশের রাজধানীর একটি মসজিদের কাছে ওই হামলা হয়। প্রদেশটির গভর্নর এ হামলা থেকে বেঁচে গেছেন।
প্রদেশটির গভর্নর লুৎফুল্লাহ মাশাল রয়টার্সকে বলেছেন, রাজধানী মেহতার লামে একটি মসজিদের কাছে তারা যখন গাড়িতে উঠছিলেন, সে সময় একটি দোকানের ভেতর থেকে দৌড়ে এসে হামলাকারী বিস্ফোরণ ঘটায়।
তিনি বলেন, দেশের ক্ষমতাশালী 'দুজন প্রাদেশিক কর্মকর্তা এবং ন্যাশনাল ডাইরেক্টরেট ফর সিকিউরিটি'র উপ-প্রধান আবদুল্লাহ লাঘমানিসহ ২৩ জন নিহত হয়েছেন। প্রেসিডেন্ট হামিদ কারজাইর শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের একজন ছিলেন লাঘমানি।
৩৬ জন আহত হয়েছে জানিয়ে গভর্নর বলেন, "নিশ্চিতভাবে এটা তালেবানদের কাজ যারা ইসলামি মূল্যবোধকে পদদলিত করে আফগানিস্তানকে অস্থিতিশীল করে তুলতে চাইছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১১২ ঘ.
bdnews24