ওয়ানা, পাকিস্তান ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের উপজাতি অঞ্চলে বৃহস্পতিবার মার্কিন ড্রোন বিমানের হামলায় ছয় জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিদের আস্তানা লক্ষ্য করে চালকহীন ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। গোয়েন্দা কর্মকর্তারা একথা জানিয়েছেন।
একই অঞ্চলে গত ৫ আগস্ট একইরকম হামলায় পাকিস্তানি তালেবান প্রধান বায়তুল্লাহ মেহসুদ নিহত হন।
দক্ষিণ ওয়াজিরিস্তানের প্রধান শহর ওয়ানা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে কানিগুরামা এলাকায় দুর্গ আকৃতির একটি বাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।
ওই অঞ্চলের বাসিন্দা মোহাম্মদ ওমর টেলিফোনে রয়টার্সকে বলেছেন, "আমি আকাশে ড্রোন বিমানকে উড়তে দেখি। পরমুহূর্তেই দুটি বিশাল বিস্ফোরণ ঘটে।"
এ মাসে এনিয়ে চারবার পাকিস্তানের ভূখণ্ডে ড্রোন বিমান থেকে হামলা চালানো হল।
তালেবানার কয়েক সপ্তাহ ধরে মেহসুদের মৃত্যুর খবরটি অস্বীকার করে আসছিল। তবে সোমবার তার দুই সহযোগী হাকিমুল্লাহ মেহসুদ ও ওয়ালি-উর-রেহমান তাদের নেতার নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০০৪ ঘ.
bdnews24