কাবুল, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গুয়ানতানামো কারাগারের সবচেয়ে কমবয়সী বন্দিদের একজন, মোহাম্মদ জাওয়াদ মুক্তি পেয়ে নিজ দেশ আফগানিস্তানে ফিরে মঙ্গলবার বলেছেন, ছয় বছরের বন্দিজীবনে তাকে নির্যাতন ও অপমানের শিকার হতে হয়েছে।
কিশোর বয়সে বন্দি হয়েছিল জাওয়াদ। তার বিরুদ্ধে ২০০২ সালে মার্কিন সেনাদের ওপর গ্রেনেড ছোড়ার অভিযোগ আনা হয়। কিন্তু গত জুলাইয়ে একজন মার্কিন বিচারক তাকে মুক্তির আদেশ দেন। ওই বিচারক জাওয়াদের আগের স্বীকারোক্তি গ্রহণ না করে বলেছিলেন, নির্যাতন করে ওই স্বীকারোক্তি আদায় করা হয়েছিল।
সোমবার জাওয়াদ কাবুলে পৌঁছে পরিবারের সঙ্গে মিলিত হন। কাবুলের দক্ষিণে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের মাঝে বসে জাওয়াদ রয়টার্সকে বলেছেন, "গুয়ানতানামোয় আমার ওপর অনেক নির্যাতন চালানো হয়েছে। তা শুধু একদিন, এক সপ্তাহ বা এক মাসের জন্য ঘটেনি।"
তিনি বলেন, "মুক্তি পাওয়ার আগ পর্যন্ত আমার ওপর নির্যাতন চলেছে। তারা বন্দিদের ওপর খুবই নির্যাতন চালাত। ঘুমাতে দিত না, পর্যাপ্ত খাবারও দিত না।"
জাওয়াদের আইনজীবী আদালতে বলেছিলেন, ২০০২ সালে গ্রেপ্তারের সময় তার বয়স ছিল মাত্র ১২ বছর। তবে পেন্টাগত তার সঙ্গে ভিন্নমত পোষণ করে বলেছে, হাড়ের স্ক্যানের মাধ্যমে জানা গেছে গুয়ানতানামোয় পাঠানোর সময় সে ১৮ বছরে পা দিয়েছিল।
গ্রেপ্তারের পর জাওয়াদকে কিছুদিন কাবুলের উত্তরে বাগরাম বিমান ঘাঁটিতে আটকে রাখার পর ২০০৩ সালের গোড়ার দিকে গুয়ানতানামোয় পাঠানো হয়।
জাওয়াদ রয়টার্সকে বলেন, "তারা জানত আমার বয়স কম। কিন্তু সেটাকে তারা পাত্তা দেয়নি।"
"তারা আমাদের ধর্মকে অপমান করত, পবিত্র কোরানকে অপমান করত, আমাদের অপমান করত, আমাদের সঙ্গে পশুর মতো ব্যবহার করত।"
জাওয়াদ দাঁড়িয়ে তার দু'হাত পিছনে নিয়ে দেখায় কীভাবে তাকে একটা সময় পিছমোড়া করে বেঁধে রাখা হয়েছিল। তিনি জানান, পিছনে হাত বাঁধা অবস্থাতেই তাদের হাঁটুগেড়ে বসে প্লেটে মুখ লাগিয়ে খেতে বলা হত।
জাওয়াদ বলেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করা সম্ভব হয়নি বলেই তিনি মুক্তি পেয়েছেন । "আমার মনে আছে, মার্কিন সরকারের আইনজীবী আমার বিরুদ্ধে অনেক অভিযোগ করেন কিন্তু শেষমেশ কোনোটাই প্রমাণ করতে পারেননি। বিচারক বলেন, মোহাম্মদ জাওয়াদের বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণিত হয়নি। তাই সে নির্দোষ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০৫৪ ঘ.
bdnews24