২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের নির্বাচনে ধৈর্য ধরার আহ্বান জাতিসংঘ দূতের

আফগানিস্তানে নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের জয় দাবি করেছেন অর্থমন্ত্রী হযরত ওমর জাখিলওয়াল। বিরোধী শিবির এ দাবি নাকচ করেছে। ওদিকে, নির্বাচনে জালিয়াতির অভিযোগ খতিয়ে দেখার মাঝে নির্বাচনী প্রার্থী এবং ভোটারদেরকে ধৈর্য ধরার এবং শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ দূত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2009, 07:26 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

কাবুল, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের জয় দাবি করেছেন অর্থমন্ত্রী হযরত ওমর জাখিলওয়াল। বিরোধী শিবির এ দাবি নাকচ করেছে। ওদিকে, নির্বাচনে জালিয়াতির অভিযোগ খতিয়ে দেখার মাঝে নির্বাচনী প্রার্থী এবং ভোটারদেরকে ধৈর্য ধরার এবং শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ দূত। কাবুলে এক নৈশভোজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাখিলওয়াল জানান, মন্ত্রিসভার সদস্য হিসেবে তাকে যে তথ্য দেওয়া হয়েছে তাতে দেখা গেছে, প্রেসিডেন্ট হামিদ কারজাই দেশজুড়ে সমর্থন পেয়েছেন। তিনি জানান, মোট ৫০ লাখ ভোটের মধ্যে ৪৫ লাখ ভোট গণনা শেষ হয়েছে। তিনি আরও জানান, কারজাই শতকরা ৬৮ শতাংশ বা ৩০ লাখের বেশি ভোট পেয়েছেন। অপরদিকে, কারজাইয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আব্দুল্লাহ পেয়েছেন ১০ লাখের বেশি ভোট। নির্বাচনের পাঁচদিন পর মঙ্গলবার আংশিক ফল প্রকাশের কথা রয়েছে। তালেবানদের হামলা নির্বাচন বন্ধ করতে ব্যর্থ হয়েছে। তবে দক্ষিণাঞ্চলে সহিংসতার কারণে ভোট কিছুটা ব্যাহত হয়েছে। নির্বাচনের পর থেকেই রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েছে আফগানিস্তান। ২০০১ সালে তালেবান শাসনের পতনের পর এটি আফগানিস্তানে ২য় ভোট। নির্বাচনের আনুষ্ঠানিক ফল এখনও ঘোষিত হয়নি। তার আগেই প্রার্থীরা পাল্টাপাল্টি জয় দাবি করছে এবং জালিয়াতির অভিযোগ করছে। জাতিসংঘের দূত কাই ইদে নির্বাচনে কিছু সমস্যা থাকার কথা স্বীকার করেছেন। তবে তিনি লোকজনকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ নিয়োজিত ইলেকশন কমপ্লেইন্ট কমিশন (ইসিসি) নির্বাচনের অভিযোগ যাচাই করে না দেখা পর্যন্ত এই ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। ইদে বলেন, "নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিনে কিছু অনিয়ম হয়েছে তাতে কোনও সন্দেহ নেই।" তিনি বলেন, "আমি প্রার্থীরাসহ দুই পক্ষের প্রচার শিবির এমনকি ভোটারদেরকে ধৈর্য ধরার এবং শান্ত থাকার আবেদন জানাচ্ছি। ইসিসিকে তাদের কাজ করতে দেওয়ার জন্য এই শান্তবস্থা প্রয়োজন।" মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং আফগানিস্তান দু'পক্ষের জন্যই আফগানিস্তানে প্রার্থী ও তার সমর্থকদের নির্বাচনী ফল মেনে নেওয়াটা জরুরি। আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠাকেই বৈদেশিক নীতিতে সবচেয়ে বেশি অগ্রধিকার দিচ্ছেন ওবামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৩৫ ঘ.