হাস্টন, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রাণঘাতী মাত্রার অ্যানিসথেটিক প্রপোফোলেই মারা যান পপ সম্রাট মাইকেল জ্যাকসন। অন্যান্য ওষুধের সঙ্গে এটি মিশিয়ে দেওয়া হয়। এ থেকে ঘাতক হিসাবে জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসকের ওপর কর্তৃপক্ষের সন্দেহ আরও বাড়ছে। সোমবার আদালতের নথিপত্রে এ তথ্য বেরিয়ে এসেছে।
গত ২৫ জুন ৫০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মাইকেল জ্যাকসন। এরপর থেকেই ফেডারেল সংস্থাগুলো ও রাজ্য কর্তৃপক্ষের তদন্তের মূলে ছিলেন মাইকেলের ব্যক্তিগত চিকিৎসক কোনরাড মারে। মাইকেলের মৃত্যুর সময় মারেই তার পাশে ছিলেন।
কর্তৃপক্ষ ডা. মারের বাড়ি ও কার্যালয়ে তল্লাশি চালায়। সেখান থেকে নথি পত্র সংগ্রহ করে দেখা গেছে, জ্যাকসন বেশি ডোজের ওষুধ সেবন ছাড়া ঘুমাতে পারতেন না। মাইকেল নিয়মিত প্রপোফোল ব্যবহার করতেন। এটি সাধারণত অস্ত্রোপচারের আগে রোগীদের অচেতন করার জন্য ব্যবহার করা হয়। একে 'দুধ' এর সঙ্গেই তুলনা করতেন জ্যাকসন।
ডা. মারের কার্যালয় তল্লাশি চালানোর জন্য ক্যালিফোর্নিয়া থেকে যে ওয়ারেন্ট ইস্যু করা হয় এতে লস এঞ্জেলেস এর 'চিফ মেডিকেল এক্সামিনার- করোনার' ডা. সত্যাভিস্বরন এ ইঙ্গিতই দিয়েছেন যে, বিষক্রিয়ার প্রাথমিক ফল এবং জ্যাকসনের মৃত্যুর কারণের প্রাথমিক তদন্তে দেখা গেছে, প্রপোফল প্রাণঘাতী মাত্রায় গ্রহণের ফলেই জ্যাকসন মারা গেছেন।
এ নথিটি হিউস্টনের হ্যারিস কাউন্টি ডিস্ট্রিক্ট ক্লার্ক প্রকাশ করেছে। এখানেই ডা. মারের কার্যালয় রয়েছে। গত ২২ জুলাই মার্কিন এজেন্টরা সেখানে তল্লাশি চালায়।
হিউস্টনের পুলিশ কর্মকর্তা আ জি চান্স জানান, "মানবঘাতকের আক্রমণের যে সমস্ত প্রমাণ মিলেছে তাতে ডাক্তার মারেই ওই অপরাধ করেছেন বলে আলামত পাওয়া যাচ্ছে।"
এ সম্পর্কে মন্তব্যের জন্য ডা. মারের অ্যাটর্নি এড কের্নফকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২০৮ ঘ.
bdnews24