লস এঞ্জেলেস, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ এক পিনআপ মডেলকে হত্যার ঘটনায় একজন রিয়েলিটি টিভি তারকাকে অভিযুক্ত করেছে। একটি স্যুটকেসের ভেতর জেসমিন ফিওর নামের মডেলটির মৃতদেহ পাওয়া যাওয়ার পর পুলিশ ওই তারকাকে খুঁজে বেড়াচ্ছে।
পুলিশ ধারণা করছে, ফিওরের হত্যাকারী হিসেবে সন্দেহভাজন আলেক্সান্ডার জেনকিনস (৩২) হয়তো ক্যালিফোর্নিয়া থেকে কানাডায় পালিয়ে গেছে।
জেসমিন ফিওরের মৃতদেহ গত শনিবার সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বুয়েনা পার্কে ফেলে রাখা একটি স্যুাটকেসের ভেতর পাওয়া যায়।
জেনকিনস ভিএইচ-ওয়ান টিভিতে 'মেগান ওয়ান্টস অ্যা মিলওনিয়ার' নামে একটি শোতে অংশ নেয়। গত মার্চে অনুষ্ঠানটির প্রিমিয়ার শো হয়। তবে ফিওরের মৃত্যুর কারণে টিভি কর্তৃপক্ষ এর ভবিষ্যত প্রদর্শনী স্থগিত ঘোষণা করেছে। ওই টিভি শোতে সাবেক প্লেবয় মডেল মেগান হসারম্যানের প্রেমপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৭ জন মিলিওনিয়ারের একজন ছিলেন জেনকিনস।
২৮ বছর বয়সী ফিওরের সঙ্গে এই বছর বিয়ে হয়েছিল জেনকিনসের। তবে ওই বিয়ে ভেঙ্গে যায় বলে গণমাধ্যম জানায়।
বিজ্ঞাপনচিত্রে মডেল হওয়ার পাশাপাশি ফিওর প্লেবয়ের জন্যও কাজ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১০০ ঘ.
bdnews24