মস্কো, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- রাশিয়ার সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ এন্টি-ট্যাংক গ্রেনেড দিয়ে উড়িয়ে দেওয়ার দাবি করেছে চেচেন বিদ্রোহিরা। বিদ্রোহি ওয়েবসাইটে পাঠানো একটি চিঠিতে বিদ্রোহিরা এ দাবি করে। ওই বাঁধ ভেঙে পানির তোড়ে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল।
গত সোমবার সায়ানো-সুশেনেসকায়া বাঁধের একটি টারবাইন কক্ষ জলমগ্ন হওয়ার পর ৬৪ জনের হদিস পাওয়া যায়নি।
এক ব্যক্তির তোলা দুর্ঘটনার ভিডিও রাশিয়ার একটি নিউজসাইটে পোস্ট করা হয়েছে। এতে দেখা যায়, বাঁধের ভিত্তির কাছে পানির প্রচণ্ড ধাক্কার মধ্যে প্রচণ্ড বিস্ফোরণ ঘটেছে।
এতে বিদ্যুৎ কেন্দ্রটির ১০টি জেনারেটরের মধ্যে তিনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে রাশিয়ায় জরুরিপরিস্থিতি বিষয়ক মন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, বাঁধের কাঠামোর কোনো ক্ষতি হয়নি।
বিদ্রোহি ওয়েবসাইট (ডব্লিউডব্লিউডব্লিউ ডট কাভকাজেন্টার ডটকম) এ মার্টার্স ব্যাটেলিয়ন নামের একটি গ্র"পের পাঠানো চিঠিতে বলা হয়েছে, আল্লাহর ওয়াস্তে ১৭ আগস্টে আমাদের প্রচেষ্টায় সায়ানো-সুশেনেসকায়ার খাকাশিয়ায় একটি জলবিদ্যুৎ বাঁধে নাশকতামূলক অভিযান চালানো হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, "আমরা বাঁধের মেশিন ঘরে টাইমার সেট করা একটি ট্যাংক বিধ্বংসী গ্রেনেড স্থাপন করতে পেরেছি। এতে আমরা যা আশা করেছিলাম তার চেয়েও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৪ ঘ.
bdnews24