ত্রিপোলি, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ১৯৮৮ সালে লকারবি বোমা হামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত লিবীয় আব্দুল বাসেত আল-মেগ্রাহির মুক্তির তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্কটল্যান্ড সরকারের এ পদক্ষেপকে ভুল আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বৃহস্পতিবার স্কটল্যান্ড মেগ্রাহিকে মুক্তি দেওয়ার পর ওবামা বলেন, "আমরা এর আপত্তি জানাতে স্কটিশ সরকারের সঙ্গে যোগাযোগ করেছি।"
বেতারে প্রচারিত একটি কথিকা অনুষ্ঠানে ওবামা এ ক প্রশ্নে জবাবে বলেন, " আমরা এটি ভুল বলেই মনে করি। আসলেই তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে কিনা তা নিশ্চিত হতে আমরা এখন লিবিয়া সরকারের সঙ্গে যোগযোগ করছি।' তাকে বরং গৃহবন্দি রাখা উচিত বলে ওবামা মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী কর্মকর্তাসহ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মেগ্রাহির মুক্তিতে দুঃখ প্রকাশ করেছেন এবং লিবিয়া মেগ্রাহিকে কিভাবে স্বাগত জানায় তার ওপরই ওয়াশিংটনের সঙ্গে লিবিয়ার সম্পর্ক নির্ভর করছে বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন পররাষ্ট্রবিভাগ।
ক্যান্সার আক্রান্ত আব্দুল বাসেত আল মেগ্রাহি তিন মাসেরও কম সময় বাঁচবেন। একারণে মানবিক দিক বিবেচনায় তাকে মুক্তি দিয়ে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার মেগ্রাহি লিবিয়া পৌঁছেছেন।
স্কটল্যান্ডের লকারবি শহরে মার্কিন প্যান অ্যাম ফ্লাইটে বোমা হামলায় অভিযুক্ত হন ৫৭ বছর বয়স্ক মেগ্রাহি। ওই হামলায় ২৭০ জন নিহত হয়। এর মধ্যে ১৮৯ জনই মার্কিনি। নিহতদের পরিবারের সদস্যরা মেগ্রাহির মুক্তির প্রতিবাদ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪১৮ ঘ.
bdnews24