নাজরান, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- রাশিয়ার ইঙ্গুশেটিয়ার স্থানীয় একটি পুলিশ সদরদপ্তরে সোমবার এক আত্মঘাতী হামলাকারী ট্রাক বোমার বিস্ফোরণ ঘটালে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৬৮ জন। পুলিশ একথা জানিয়েছে।
রাশিয়ার প্রধানত মুসলমান অধ্যুষিত উত্তর ককেশাসের এই অঞ্চলে বেশ কিছুদিন থেকে একের এক হামলার ঘটনা ঘটছে। কর্তৃপক্ষ এজন্য ইসলামি জঙ্গিদের দায়ী করছে। চেচনিয়ার সীমান্তবর্তী অঞ্চলটিতে নিরাপত্তা বিধান করতে বাড়তি ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
ওই অঞ্চলের প্রেসিডেন্টের মুখপাত্র কালোই আখিলগভ জানান, ইঙ্গুশেটিয়ার নাজরান শহরের পুলিশ ঘাঁটির কাছে পৌঁছার পর ট্রাকটির বিস্ফোরণ ঘটে ।
আইনপ্রয়োগকারী সংস্থার সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা ইন্টার ফ্যাক্স জানায়, পুলিশ সদরদপ্তরের ভবন এবং বাইরে রাখা সব গাড়ি পুরোপরি ধ্বংস হয়ে গেছে। ট্রাকে প্রায় ৫০ কেজি সমপরিমাণ টিএনটি ছিল।
ওই অঞ্চলটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী জাইয়াদিন দুরবেকভ বলেন, হামলায় কমপক্ষে ১৯ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছে। এর আগে পুলিশের মুখপাত্র মাদিনা খাদজিয়েভা রয়টার্সকে কমপক্ষে ১১ জন নিহত ও ৫০ জনের আহত হওয়ার খবর জানিয়েছিলেন।
সংবাদ সংস্থা ইতার-তাস জানিয়েছে, সকালে পরিদর্শনের জন্য পুলিশেরা লাইনে দাঁড়ানোর সময় ওই বিস্ফোরণ ঘটে।
এ ঘটনার পর ইঙ্গুশেটিয়া ও উত্তর ককেশাশ প্রদেশে সতর্কতা জারি করা হয়েছে।
গত জুনে এক আত্মঘাতী বোমা হামলায় ইঙ্গুশেটিয়ার প্রেসিডেন্ট ইউনুস-বেক ইয়েভকুরোভ মারাত্মক আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯৪৮ ঘ.
bdnews24