২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার জান্তা নেতা, সু চির সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন সিনেটর

মিয়ানমারের নতুন রাজধানী নিপিধোতে শনিবার জান্তা সরকারের শীর্ষ সামরিক নেতা থান শয়ে এবং বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন সিনেটর জিম ওয়েব। তবে দুইজনের সঙ্গে আলাদা বৈঠকে জিম কি আলোচনা করেছেন তা জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2009, 10:08 AM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ইয়াঙ্গুন, ১৫ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মিয়ানমারের নতুন রাজধানী নিপিধোতে শনিবার জান্তা সরকারের শীর্ষ সামরিক নেতা থান শয়ে এবং বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন সিনেটর জিম ওয়েব। তবে দুইজনের সঙ্গে আলাদা বৈঠকে জিম কি আলোচনা করেছেন তা জানা যায়নি। মার্কিন সিনেটের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সাবকমিটির চেয়ারম্যান জিম ওয়েব শুক্রবার মিয়ানমার সফরে গেছেন। সফরের ২য় দিনে তিনি নিপিধোতে থান শয়ের সঙ্গে দেখা করেন এবং পরে ইয়াঙ্গুনে সরকারি কর্মকর্তাদের ব্যাবস্থাপনায় এক গেস্টহাউসে সু চির সঙ্গে ৪৫ মিনিটের বৈঠক করেন জিম। এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, জিমের সঙ্গে বৈঠক করানোর জন্য সু চিকে তার বাড়ি থেকে একটি গাড়িতে করে গেস্টহাউসে নিয়ে যাওয়া হয়। এক দশকেরও বেশি সময় পরে মিয়ানমারে রাষ্ট্রীয় সফরে যাওয়া জিমই প্রথম মার্কিন কংগ্রেস সদস্য। ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা হিসাবে তিনিই প্রথম থান শয়ের সঙ্গে দেখা করলেন। সু চির মামলার রায় নিয়ে এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিন্দা-সমালোচনার পর জিম এ সফরে গেছেন। তিনি কি উদ্দেশ্যে মিয়ানমার সফর করছেন তা স্পষ্ট নয়। তবে কিছু কিছু প্রতিবেদনে বলা হয়েছে, জিম মার্কিন নাগরিক জন ইয়েত্তাওয়ের মুক্তির জন্য মিয়ানমারকে চাপ দিতে পারেন। জন ইয়েত্তাও গত মে মাসে সাঁতরে লেক পার হয়ে সু চির বাড়িতে অনুপ্রবেশ করেছিলেন। এ ঘটনায় রাষ্ট্রীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ জান্তা সরকার সু চিসহ ইয়েত্তাওয়ের বিচার করে। আদালতের রায়ে ইয়েত্তাওয়ের ৭ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১৯ ঘ.