২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২য় দফা ভোটে গড়াতে পারে আফগানিস্তানের নির্বাচন

আফগানিস্তানে আসন্ন নির্বাচনী দৌড়ে প্রেসিডেন্ট হামিদ কারজাই এগিয়ে থাকলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য তিনি পর্যাপ্ত ভোট নাও পেতে পারেন। ফলে ২য় দফা ভোটে গড়াতে পারে ২০ আগস্টের নির্বাচন। শুক্রবার প্রকাশিত নতুন জরিপের ফলে এমন আভাসই পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2009, 01:08 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

কাবুল, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানে আসন্ন নির্বাচনী দৌড়ে প্রেসিডেন্ট হামিদ কারজাই এগিয়ে থাকলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য তিনি পর্যাপ্ত ভোট নাও পেতে পারেন। ফলে ২য় দফা ভোটে গড়াতে পারে ২০ আগস্টের নির্বাচন। শুক্রবার প্রকাশিত নতুন জরিপের ফলে এমন আভাসই পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবিলকান ইন্সটিটিউট পরিচালিত এ জরিপে দেখা গেছে, হামিদ কারজাই ৪৪ শতাংশ ভোট পাচ্ছেন। অন্যদিকে, তার প্রধান প্রতিপক্ষ সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবদুল্লাহ পাচ্ছেন ২৬ শতাংশ ভোট। দুই প্রার্থীই প্রচারাভিযান চালাতে হেলিকপ্টার এবং জেট বিমানে করে গোটা দেশ চষে বেড়াচ্ছেন। কারজাই শুক্রবার গেছেন হেরাতে। অন্যদিকে, আবদুল্লাহ গেছেন পার্বত্যপ্রদেশ দাই কুন্দিতে। পশ্চিমা কূটনীতিকরা দুই প্রার্থীর মধ্যে প্রতিযোগিতায় কম ব্যবধান দেখে বিস্মিত। যদিও কারজাই এখনও সামনের সারিতে আছেন। প্রথম দফা ভোটে না জিতলেও ছয় সপ্তাহ পর ২য় দফা ভোটে তারই জয়লাভের সম্ভাবনা বেশি। দেশে ক্রমবর্ধমান তালেবান তৎপরতা, সরকারের অকার্যকারিতা এবং দুর্নীতি নিয়ে জনঅসন্তোষের মধ্যেও কারজাই এখনও ব্যক্তিগতভাবে জনপ্রিয়। জরিপে ৮১ শতাংশ আফগান কারজাইয়ের পক্ষে মত দিয়েছে। আর বিপক্ষে মত দিয়েছে মাত্র ১৭ শতাংশ আফগান। অন্যদিকে, আবদুল্লাহরও জনসমর্থন অনেক। জরিপে ৭১ শতাংশ আফগান তাকে সমর্থন করেছে। আর মাত্র ২৩ শতাংশ তাকে সমর্থন করেনি। কিন্তু আবদুল্লাহর চেয়ে বেশি জনসমর্থন নিয়েও কারজাই নিরঙ্কুশ সংক্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবেন না এবং তাকে ২য় দফা ভোটে যেতে হবে বলেই মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১৬ ঘ.