২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লকারবি বোমা হামলাকারীকে মুক্তি দিতে পারে স্কটল্যান্ড

১৯৮৮ সালের লকারবি বোমা হামলায় কারান্তরীণ লিবীয় নাগরিক আব্দুল বাসেত আল মেগ্রাহিকে মুক্তি দেওয়ার কথা বিবেচনা করছে স্কটল্যান্ড সরকার। মানবিক কারণে বাসেতকে খুব শিগগিরি কারামুক্তি দিয়ে দেশে ফেরত পাঠানো হতে পারে বলে জানিয়েছেন এক মার্কিন আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2009, 08:14 AM

Updated : 26 Aug 2022, 11:53 AM

লন্ডন, ১৩ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ১৯৮৮ সালের লকারবি বোমা হামলায় কারান্তরীণ লিবীয় নাগরিক আব্দুল বাসেত আল মেগ্রাহিকে মুক্তি দেওয়ার কথা বিবেচনা করছে স্কটল্যান্ড সরকার। মানবিক কারণে বাসেতকে খুব শিগগিরি কারামুক্তি দিয়ে দেশে ফেরত পাঠানো হতে পারে বলে জানিয়েছেন এক মার্কিন আইনজীবী। ত্রিপোলিতে এক লিবীয় কর্মকর্তা বলেছেন, বাসেতের মুক্তির ব্যাপারে একটি চুক্তি সর্বশেষ পর্যায়ে রয়েছে। বাসেত দেশের মাটিতে না ফেরা পর্যন্ত তার মুক্তির বিষয়টি কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে না এমন চুক্তিও করা হয়েছে বলে জানান তিনি। ১৯৮৮ সালের ১৮ ডিসেম্বরে স্কটল্যান্ডের শহর লকারবিতে লন্ডন থেকে নিউ ইয়র্কগামী আমেরিকান প্যান অ্যাম ফ্লাইট বোমা মেরে উড়িয়ে দেওয়ার অপরাধে অভিযুক্ত বাসেত স্কটিশ আইনে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। ওই হামলায় মার্কিন বিমানটির ২৫৯ আরোহী নিহত হয়। এদের ১৮৯ জনই মার্কিনি। মাটিতে নিহত হয় আরও ১১ জন। বাসেতের পক্ষের আইনজীবী দলের হয়ে ইতোপূর্বে কাজ করা মার্কিন আইনজীবী ফ্র্যাঙ্ক রুবিনো ব্রিটেনের স্কাই টেলিভিশনকে বলেন, "বাসেতের বর্তমান আইনজীবী দল তাকে বলেছেন যে, বাসেতকে শিগগিরিই বাড়ি ফিরতে দেওয়া হবে। তিনি বলেন, "এটি অবিলম্বেই ঘটবে এমনটিই আমাকে বলা হয়েছে।" লিবিয়া বরাবরই বাসেতের মুক্তির জন্য লবি করে আসছে। জুলাইয়ে লিবিয়া কর্তৃপক্ষ বাসেতের পক্ষ থেকে মানবিক দিক বিবেচনায় তার মুক্তির জন্য স্কটল্যান্ডের কাছে আবেদন জানায়। এই আবেদনের বিষয়টি নিয়ে আলোচনার জন্য গত সপ্তাহে স্কটল্যান্ডের বিচারমন্ত্রী কেন্নি ম্যাকাসকিল গ্রীননক কারাগারে বাসেতের সঙ্গে দেখাও করেছেন। তবে স্কটিশ সরকারের মুখপাত্র বলেছেন, এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। এখনও অনেককিছুই বিবেচনা করে দেখা হচ্ছে। এ মাসেই একটি সিদ্ধান্ত হবে বলে আশা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২৯ ঘ.