তাইওয়ান, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- তাইওয়ানে টাইফুন মোরাকোটে সৃষ্ট বন্যা ও ভুমিধসে ১ শ'রও বেশি মানুষ নিহত হয়েছে। দুর্যোগ মোকবেলা কর্মকতারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। আরও বহু মানুষ এখনও মাটিচাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ এবং আটকা পড়াদের উদ্ধারকাজ ত্বরান্বিত করতে সরকারের ওপর চাপ বাড়ছে।
বন্যায় তাইওয়ানে মৃতের সংখ্যা ১০৮ জনে পৌঁছেছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর। ফলে ঘটনাস্থলে শ শ হেলিকপ্টার পাঠিয়ে উদ্ধার তৎপরতা চালাতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।
তাইওয়ানের দক্ষিণাঞ্চলের অবকাঠামো টাইফুনের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেঁচে যাওয়া লোকজনরা দিনের পর দিন তাদের আত্মীয়স্বজনদের খবর না পেয়ে অধৈর্য হয়ে উঠেছে।
বেঁচে যাওয়া এক তাইওয়ানি ইয়ান মিন রং (২৯) এর উক্তি, "তারা কিভাবে এত ধীরগতিতে কাজ করতে পারে? স্পষ্টতই তাদের আরও হেলিকপ্টার পাঠানো উচিত।"
সরকারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে বিরোধীদলও। দক্ষিণ তাইওয়ানের কাওসিয়ুং ফিউনারেল এসোসিয়েসনের প্রধান চেন ফু রোং বলেছেন, " কাজ চলছে খুবই ধীরগতিতে। তারা দক্ষিণের প্রতি মনোযোগী নয়, উত্তরের প্রতি মনোযোগী।"
ওদিকে, সরকারি একটি ওয়েবসাইট (ডব্লিউডব্লিউডব্লিউ ডট এমএনডি ডট গভমেন্ট ডট টিডব্লিউ) জানিয়েছে, উদ্ধারকাজে ৩৪ হাজারেরও বেশি সেনা নিয়োগ করা হয়েছে এবং ৩৮২ টি হেলিকপ্টার পাঠানো হয়েছে। প্রেসিডেন্ট মা ইয়াং-জেউসহ শীর্ষ সরকারি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করছেন বলেও এতে জানানো হয়।
এর আগে কর্মকর্তারা তাইওয়ানের দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় ভূমিধসে তলিয়ে যাওয়া চারটি গ্রামের ৭০০ জনের বেঁচে থাকার সন্ধান পাওয়া কথা জানিয়েছিলেন।
এরা মাটির নিচে চাপা পড়ে বেঁচে নেই বলে আশঙ্কা করা হয়েছিল। উদ্ধারকর্মীরা মঙ্গলবার সারারাত তৎপরতা চালিয়ে ওই ৭০০ জনের সন্ধান পায়।
উদ্ধারকাজে নিয়োজিত হু জুই-চোউ নামের এক সেনা কর্মকর্তা জানান, মাটি ও পাথরের দেয়াল ধেয়ে এসে গ্রামগুলোকে গ্রাস করে নেওয়ার সময় এইসব লোক ছুঁটে গিয়ে উঁচু জায়গায় আশ্রয় নেয়।
তাইওয়ানের সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, পার্বত্য আলিসান এলাকার কাছে একটি গ্রামে আটকা পড়ে আছে ৬ হাজার ৫০০ মানুষ। দক্ষিণ তাইওয়ানের প্রত্যন্ত একটি গ্রামে এখনও শ শ মানুষ নিখোঁজ রয়েছে। এ সংখ্যা প্রায় ৬০০।
টাইফুন মোরাকোটের ফলে প্রবল বৃষ্টিপাতের কারণে তাইওয়ানে বন্যা ও ভূমিধস হয়।
কিষাণ এলাকায় উদ্ধার তৎপরতায় নিয়োজিত সেনা কর্নেল সেং চিং-লিয়াং বলেন, "বড় ধরনের বিপর্যয় ঘটেছে। বহু সেতু ধ্বংস হয়ে গেছে। বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহওয়া এখনও খুব খারাপ।"
খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। পর্বতে ধাক্কা খেয়ে এ সপ্তাহে একটি হেলিকপ্টারও বিধ্বস্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩১৩ ঘ.
bdnews24