সউল, আগস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়া বুধবার দুই মার্কিন সাংবাদিককে ক্ষমা করে দেওয়ার কথা জানিয়েছে। নেতা কিম জং ইলের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বৈঠকের পর উত্তর কোরিয়া একথা জানায়। দুই সাংবাদিককে সঙ্গে নিয়েই ক্লিনটন পিয়ংইয়ং ত্যাগ করেছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র।
মুখপাত্র ম্যাট ম্যাককেন্না বলেন, তারা লস এঞ্জেলেসে যাচ্ছেন। এক বিবৃতিতে তিনি বলেন, লরা লিং এবং এউনা লি কে নিয়ে ক্লিনটন নিরাপদেই উত্তর কোরিয়া ত্যাগ করেছেন। তারা লস এঞ্জেলেসে যাচ্ছেন। সেখানে লরা এবং এউনা লি দুজনই তাদের পরিবারে ফিরে যাবেন।
দুই নারী সাংবাদিকের ক্ষমা পাওয়ার খবরে আনন্দে উচ্ছ্বসিত তাদের পরিবার। ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় তারা এ মুক্তির জন্য বিল ক্লিনটনকে ধন্যবাদ জানিয়েছে।
এ পদক্ষেপের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার সরাসরি নিরস্ত্রীকরণ আলোচনা শুরুর পথ সুগম হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আলোচনার মধ্য দিয়ে কারান্তরীন দুই মার্কিন সাংবাদিকের মুক্তির চেষ্টায় মঙ্গলবার উত্তর কোরিয়ায় আকস্মিক সফরে যান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তিনি দেশটির নেপথ্যে থাকা নেতা কিম জং ইলের সঙ্গে বৈঠক করেন।
কেসিএনএ বার্তা সংস্থা বলেছে, "তিনি ক্লিনটনের ডিপিআরকে (উত্তর কোরিয়া) সফরকে স্বাগত জানিয়েছেন এবং তার সঙ্গে গভীর আলোচনা করেছেন। দু'পক্ষের সঙ্গেই জড়িত অনেক বিষয় নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। তাছাড়া দুপক্ষই আলোচনার মধ্য দিয়ে দুই সাংবাদিকের মুক্তির বিষয়টিতে একটি সমাধানে পৌঁছার চেষ্টায় একমত হয়েছেন।"
কেসিএনএ আরও জানায়, দুই সাংবাদিকের জন্য কিম জং ইলের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ক্লিনটন। তাছাড়া, মানবিক দৃষ্টিকোণ থেকে ওই দুজনকে ক্ষমা করে দিয়ে বাড়িতে ফেরত পাঠানোর জন্য ইলের কাছে যুক্তরাষ্ট্র সরকারের বিনীত অনুরোধের কথাও জানিয়েছেন ক্লিনটন।
বিবিসি কেসিএনএ'র উদ্ধৃতি দিয়ে বলেছে, "সশ্রম কারাদণ্ড প্রাপ্ত দুই আমেরিকান সাংবাদিককে বিশেষ ক্ষমা মঞ্জুর করে কিম জং ইল একটি আদেশ ইস্যু করেছেন। দুই সাংবাদিককে মঞ্জুর করা এই ক্ষমা ও মুক্তি উত্তর কোরিয়ার মানবিকতা এবং শান্তিপ্রিয় নীতিরই পরিচায়ক।"
তাছাড়া, ক্লিনটনের এ সফর উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নিবিড় সম্পর্ক, বোঝাপড়া এবং একে অপরের প্রতি আস্থা গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখবে বলেও মন্তব্য করেছে কেসিএনএ।
পরমাণু কর্মসূচি নিয়ে ছয়জাতি আলোচনায় বসতে উত্তর কোরিয়ার অস্বীকৃতি এবং ক্রমবর্ধমান হঠকারী তৎপরতার মুখে ক্লিনটন এই সফরে যান।
উত্তর কোরিয়া গত মাসে গুরুতর অপরাধের অভিযোগে দুই মার্কিন সাংবাদিক লরা লিং ও এউনা লি কে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দেয়।
মার্চে উত্তর কোরিয়ার চীন সীমান্তে ওই দুই সাংবাদিক গ্রেপ্তার হন। তাদের বিরুদ্ধে অবৈধভাবে উত্তর কোরিয়ায় প্রবেশের অভিযোগ রয়েছে এবং তারা তা স্বীকারও করেছিলেন বলে জানায় বার্তা সংস্থা কেসিএনএ।
মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল, পরমাণু কর্মসূচি বন্ধে আন্তর্জাতিক চাপ প্রতিহত করা এবং পরমাণু বোমা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর শাস্তি হিসাবে পিয়ংইয়ংয়ের ওপর আরোপিত জাতিসংঘ নিষেধাজ্ঞা দূর করার চেষ্টায় উত্তর কোরিয়া এই দুই সাংবাদিককে কাজে লাগাতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১০০৭ ঘ.
bdnews24