২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ায় আকস্মিক সফরে বিল ক্লিনটন

আলোচনার মধ্য দিয়ে কারান্তরীণ দুই মার্কিন সাংবাদিকের মুক্তির চেষ্টায় মঙ্গলবার উত্তর কোরিয়ায় আকস্মিক সফরে গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2009, 04:38 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

সউল, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আলোচনার মধ্য দিয়ে কারান্তরীণ দুই মার্কিন সাংবাদিকের মুক্তির চেষ্টায় মঙ্গলবার উত্তর কোরিয়ায় আকস্মিক সফরে গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা একথা জানিয়েছে। পরমাণু কর্মসূচি নিয়ে ছয়জাতি আলোচনায় বসতে উত্তর কোরিয়ার অস্বীকৃতি এবং ক্রমবর্ধমান হঠকারী তৎপরতার মুখে ক্লিনটন এই সফরে গেলেন। উত্তর কোরিয়ার কেসিএনএ বার্তা সংস্থা ক্লিনটনের সফর নিশ্চিত করে জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান পরমাণু আলোচক কিম কায়ে গুয়াং তাকে স্বাগত জানিয়েছেন। উত্তর কোরিয়া গত মাসে গুরুতর অপরাধের অভিযোগে দুই মার্কিন সাংবাদিক লরা লিং ও এউনা লি কে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। মার্চে উত্তর কোরিয়ার চীন সীমান্তে ওই দুই সাংবাদিক গ্রেপ্তার হন। তাদের বিরুদ্ধে অবৈধভাবে উত্তর কোরিয়ায় প্রবেশের অভিযোগ রয়েছে এবং তারা তা স্বীকারও করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা কেসিএনএ। পরমাণু কর্মসূচি বন্ধে আন্তর্জাতিক চাপ প্রতিহত করা এবং পরমাণু বোমা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর শাস্তি হিসাবে পিয়ংইয়ংয়ের ওপর আরোপিত জাতিসংঘ নিষেধাজ্ঞা দূর করার চেষ্টায় উত্তর কোরিয়া এই দুই সাংবাদিককে কাজে লাগাতে পারে বলে মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা। তবে উত্তর কোরিয়ায় ক্লিনটনের এ সফর দেশটির উস্কানিমূলক সামরিক তৎপরতার অবসান ঘটিয়ে পিয়ংইয়ংকে নতুন করে আলোচনায় ফিরিয়ে আনবে বলে আশা প্রকাশ করেছেন কয়েকজন বিশ্লেষক। ইয়োনহাপ বার্তা সংস্থা জানিয়েছে, ক্লিনটন উত্তর কোরিয়া পৌঁছার পরপরই দুই নারী সাংবাদিকের মুক্তির বিষয়টি নিয়ে আলোচনা করবেন। এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেছে, ওয়াশিংটন কিংবা পিয়ংইয়ংই এ ব্যাপারে যা বলার বলবে। ওদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ এবং হোয়াইট হাউসও ক্লিনটনের সফর নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৪৬ ঘ.