ওয়াশিংটন, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- প্রথম উপসাগরীয় যুদ্ধে ইরাকে গুলিতে নিহত মার্কিন নৌ-বাহিনীর পাইলট ক্যাপ্টেন মাইকেল স্কট স্পিশারের দেহাবশেষ ১৮ বছরেরও বেশি সময় পর খুঁজে পাওয়া গেছে এবং সনাক্ত করা হয়েছে। ওই যুদ্ধে মার্কিন পক্ষে তিনিই প্রথম নিহত হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ রোববার একথা জানিয়েছে।
১৯৯১ সালের ওই যুদ্ধে স্কটের ভাগ্যে কি ঘটেছিল সে সম্পর্কিত প্রশ্নের উত্তর মিলেছে পেন্টাগনের এ ঘোষণায়। অনেকের ধারণা, স্কটের জঙ্গি বিমান গুলিতে ভূপাতিত হওয়ার পর তিনি বেঁচে গিয়েছিলেন এবং ইরাক তাকে বন্দি করেছিল।
কিন্তু গত সপ্তাহে ইরাকের আনবার প্রদেশে মোতায়েন মার্কিন মেরিন সেনারা এক ইরাকির কাছ থেকে খবর পেয়ে মরুভূমিতে স্কটের হাড়গোড় এবং কঙ্কাল খুুঁজে পায়। পরে 'আর্র্মড ফোর্সেস ইন্সটিটিউট অব প্যাথোলজি'তে এই দেহাবশেষ স্কটের বলে সনাক্ত করা হয়।
স্কটের এফ/এ-১৮ হর্নেট জঙ্গি বিমান ১৯৯১ সালের ১৭ জানুয়ারিতে যুদ্ধের প্রথম রাতেই পশ্চিম ইরাকে গুলিতে ভূপাতিত হয়।
স্কটের ভাগ্যে আসলেই কি ঘটেছে তা এতদিন রহস্যের ঘেরাটোপে ছিল। তিনি বেঁচে আছেন এবং ইরাকে বন্দি আছেন এমন জল্পনা চলেছে এ বছর পর্যন্ত।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইতিহাসে অবশ্য উপসাগরীয় যুদ্ধে নিহত প্রথম মার্কিনি হিসাবে স্কটের নাম উল্লেখ আছে। তবে কয়েকটি প্রতিবেদনে বলা হয়, ৩৩ বছর বয়স্ক স্কট সম্ভবত বেঁচে গিয়েছিলেন এবং সাদ্দামের হাতে বন্দি হন। ফলে তিনি নিখোঁজ হয়েছেন বলেই ধরে নেওয়া হয়েছিল।
কিন্তু বেশ কয়েক দফা পরস্পরবিরোধী গোয়েন্দা প্রতিবেদনের পর ২০০১ সালের জানুয়ারিতে এক প্রতিবেদনে বলা হয়, স্কট নিখোঁজ হননি, নিহত হয়েছেন। মার্কিন গোয়েন্দারা বলেন, "বাগদাদ স্কটের ভাগ্যে কি ঘটেছে তা জানাতে পারে। কিন্তু তারা তথ্য গোপন করছে।" ২০০২ সালে আবারও বলা হয়, স্কট নিখোঁজ এবং বন্দি হয়েছেন।
শেষ পর্যন্ত তার দেহাবশেষ উদ্ধার হওয়ায় মেরিন সেনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৫০ ঘ.
bdnews24