মোগাদিসু, আগস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর মাইদুগুরিতে গত সপ্তাহে ইসলামিক দল বোকো হারামের সঙ্গে নিরাপত্তা বাহিনীর কয়েকদিন ব্যাপী সংঘর্ষে ৬০০'রও বেশি মানুষ নিহত হয়েছে। পুলিশের এক মুখপাত্র রোববার একথা জানিয়েছেন।
নাইজেরিয়ায় শরিয়া আইন চালুর পক্ষপাতি ইসলামিক বিদ্রোহী দল বোকো হারামের সমর্থকদের সঙ্গে উত্তরের বেশ কয়েকটি রাজ্যে সেনা-পুলিশের তুমুল সংঘর্ষ হয়।
গত রোববার পুলিশ স্টেশনে হামলার চক্রান্ত করার সন্দেহে বোকো হারামের কয়েকজন সদস্য গ্রেপ্তার হওয়াকে কেন্দ্র করে মাইদুগুরিরর ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের বাউচি শহরে গোলযোগ শুরু হয়। দলের অনুসারীরা এ সময় কয়েকটি নগরীতে সশস্ত্র সহিংস তৎপরতা চালায়।
মাইদুগুরির পুলিশ কমান্ডের মূখপাত্র ঈসা আজারে রয়টার্সকে বলেন, এতে ৬০০ রও বেশি মানুষ নিহত হয়েছে।
বোকো হারামের নেতা মোহাম্মদ ইউসুফকে বৃহস্পতিবার পুলিশী হেফাজতে থাকাকালে গুলি করে হত্যা করা হয়। এর মধ্য দিয়ে সহিংসতার অবসান ঘটবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৬ ঘ.
bdnews24