ইসলামাবাদ, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সুপ্রিম কোর্ট এক রায়ে বলেছে, সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ দুই বছর আগে সংবিধান লঙ্ঘন করে দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন। সেসময়ে তার নেওয়া সব পদক্ষেপই অবৈধ। পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলো এ খবর দিয়েছে।
১৪ সদস্যের বিচারক প্যানেল শুক্রবার এ রায় দেয়।
মুশাররফ ১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। বছর খানেক তাকে প্রেসিডেন্ট পদ থেকে অভিশংসিত করার উদ্যোগ ঘনিয়ে উঠলে তিনি পদত্যাগ করেন। দু'মাস হল তিনি লন্ডনে বসবাস করছেন।
দু'বছর আগে মুশাররফ একইসঙ্গে সেনা প্রধানের পদে থেকে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদ নিশ্চিত করার লক্ষ্যে সংবিধান স্থগিত করেন এবং অনেক বিচাররকে বরখাস্ত করেন।
পাকিস্তানের সংবিধান অনুযায়ী মুশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার কোনো অভিযোগ পার্লামেন্টকে আনতে হবে। আগের পার্লামেন্ট মুশাররফের সব পদক্ষেপের অনুমোদন দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২২২৫ ঘ.
bdnews24