ওয়াশিংটন, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বর্ণবাদের অভিযোগ ওঠা একটি মামলার মূল লোকদের নিয়ে বৃহস্পতিবার হোয়াইট হাউজে আয়োজন করা 'বিয়ার সম্মেলন' এ প্রেসিডেন্ট বারাক ওবামার ভূমিকা ছিল প্রধান বারটেন্ডারের। তিনি আলোচনার ফাঁকে ফাঁকে নিজ হাতে সম্মেলনে যোগদানকারীদের বিয়ার পরিবেশন করেন।
ওবামা আশা করছেন, বর্ণবাদ নিয়ে একটি জাতীয় সংলাপে ওই মামলার ঘটনাটি 'ইতিবাচক শিক্ষা' হতে পারে।
হোয়াইট হাউজের এই ক্ষুদ্র সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামার আমন্ত্রণে যোগ দিয়েছিলেন হার্ভাডের খ্যাতনামা অধ্যাপক হেনরি লুই গেটস, যিনি একজন কৃষ্ণাঙ্গ এবং পুলিশ সার্জেন্ট জেমস ক্রউলি, যিনি একজন শ্বেতাঙ্গ। আরও একজন যোগ দিয়েছিলেন- ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
ওবামা বলেছেন, বিয়ার হাতে নিয়ে তাদের মধ্যে "বন্ধুত্বপূর্ণ ও সুবিবেচনাপূর্ণ" আলোচনা হয়েছে।
সার্জেন্ট ক্রাউলি ১৬ জুলাই একটি সম্ভাব্য চুরি প্রতিরোধে গেটসের বাড়িতে গেলে গেটসের সঙ্গে তারা কথাকাটাকাটি হয়। এরপর উচ্ছৃঙ্খল আচরণ করার অভিযোগে তিনি গেটসকে গ্রেপ্তার করেন। সুপরিচিত তথ্যচিত্র নির্মাতা গেটস পুলিশ অফিসারটিকে বর্ণবাদী মানসিকতার বলে অভিযোগ করলে গণমাধ্যমে এ নিয়ে আলোচনা শুরু হয়। ক্রাউলি ওই অভিযোগ প্রত্যাখ্যান করেন।
ওবামা ওই গ্রেপ্তারের ঘটনায় পুলিশ অফিসারটি 'নির্বোধের মতো কাজ' করেছে মন্তব্য করায় পুরো বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। পরে তিনি ওই মন্তব্য প্রত্যাহার করে নেন।
ওভাল অফিসের বাইরে রোজ গার্ডেনে বৈঠকের পর ওবামা এক বিবৃতিতে বলেছেন, "আমি সবসময়ে বিশ্বাস করি, যে কারণে আজ আমরা এখানে একত্র হয়েছি সেটা আমাদের বিভক্ত করার টান থেকে অনেক শক্তিশালী।"
"আজ রাতের আমরা এখানে মিলিত হয়েছি, আমার দৃঢ় বিশ্বাস এই অধ্যায়ের ইতিবাচক শিক্ষা সবাই গ্রহণ করতে পারব।"
ক্রাউলি বলেছেন, বেশ একান্ত ভঙ্গিতে তাদের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে। তবে গেটস তার মধ্যে মতের অনেক অমিল ছিল বলেও তিনি উল্লেখ করেন।
সাংবাদিকদের তিনি বলেন, "আজ যা ঘটেছে তা হল দুই ভদ্রলোক একটি নির্দিষ্ট বিষয়ে ভিন্নমত পোষণ করার ব্যাপারে একমত হয়েছে।" "আমরা ঘটে যাওয়া বিষয় নিয়ে বেশি সময় ব্যয় না করে ভবিষ্যত নিয়ে বেশি কথা বলেছি।"
বৈঠকে প্রেসিডেন্টের অবদান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ক্রাউলি বলেন, "তিনি আমাদের বিয়ার পরিবেশন করেছেন।"
গেটস বলেন তিনি এবং ক্রাউলি "সময় ও স্থানিক দুর্ঘটনার মাধ্যমে" আলোচিত হওয়া দুটি চরিত্র। তাদের অবশ্যই এই সুযোগকে "একদিকে প্রাত্যহিক পুলিশি তৎপরতার বিপদ এবং অন্যদিকে বর্ণবাদী মানসিকতার সত্যিকার ভীতির ব্যাপারে আমেরিকার জনগণের মধ্যে বিপুল সহানুভুতি জাগিয়ে তোলায় কাজে লাগাতে হবে।"
গেটস-ক্রাউলি ঘটনায় ওবামা যেভাবে জড়িয়ে পড়েছিলেন তার ফলে পিউ রিসার্সের করা জনমত জরিপে তার কাজের প্রতি মার্কিন জনগণের সমর্থন মধ্যজুনের ৬১ শতাংশ থেকে ৫৪ শতাংশে নেমে গেছে।
হোয়াইট হাউজ ও ওবামা এই ক্ষুদ্র সম্মেলনটি থেকে জনগণ যাতে বেশিরকম প্রত্যাশা না করে তার জন্য সচেষ্ট থেকেছেন। বলা হয়েছে, এটা শুধু তিন ব্যক্তির বিয়ার পানের আড্ডা। তাই এটাকে বড় অনুষ্ঠান হিসেবে প্রচার করা হবে না।
আলোচনায় প্রত্যেকেই স্বচ্ছ মগে নিজ নিজ পছন্দে বিয়ার নিয়ে বসেছিলেন। বাড লাইট নিয়েছিলেন ওবামা, ব্লু মুন ছিল ক্রাউলির হাতে আর গেটস চুমুক বসান স্যাম অ্যাডামস লাইটের মগে। ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন নিয়েছিলেন ননঅ্যালকোহলিক বিয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০০৫ ঘ.
bdnews24