২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেলায়াকে ক্ষমতায় ফিরতে দেবে না অন্তর্বর্তী সরকার

হন্ডুরাসের অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে, বিতাড়িত প্রেসিডেন্ট ম্যানুয়েল জেলায়াকে আর ক্ষমতায় ফিরতে দেওয়া হবে না। এতে দেশটির রাজনৈতিক সংকট সমাধানের আশা ফের অনিশ্চয়তায় পড়ল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2009, 09:09 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

তেগুসিগালপা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হন্ডুরাসের অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে, বিতাড়িত প্রেসিডেন্ট ম্যানুয়েল জেলায়াকে আর ক্ষমতায় ফিরতে দেওয়া হবে না। এতে দেশটির রাজনৈতিক সংকট সমাধানের আশা ফের অনিশ্চয়তায় পড়ল। গত মাসে অভ্যুত্থানের মাধ্যমে জেলায়াকে ক্ষমতাচ্যুত করার দেশটির কংগ্রেস কর্তৃক ঘোষিত প্রেসিডেন্ট রবার্তো মিচেলেত্তি বলেছেন, সংকট সমাধানে তিনি আলোচনা করতে প্রস্তুত, তবে জেলায়াকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। সাংবাদিকদের তিনি বলেন, "আমি আগেও স্পষ্ট করে বলেছি, এখন আবার বলছি, আমার পদত্যাগে যদি সংকটের সমাধান হয় তবে আমি তা করতে প্রস্তুত আছি। কিন্তু জেলায়াকে আবার প্রেসিডেন্ট হিসেবে আমি মেনে নেবো না।" হন্ডুরাসের বর্তমান সরকারের দ্বিতীয় প্রধান ব্যক্তি রাফায়েল পিনেদা রয়টার্সকে বলেছেন, "জেলায়ার ক্ষমতায় ফেরার ব্যাপারে বর্তমান প্রশাসনের অবস্থান, "অপরিবর্তনীয় ও দৃঢ়"। প্রতিবেশী নিকরাগুয়ায় অবস্থানরত জেলায়া অভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বিষয়টিকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়ারও প্রত্যয় ব্যক্ত করেছেন। আগেরদিন বুধবার হন্ডুরাসের রাজনৈতিক সংকট সমাধানের জন্য নুতন আলোচনার আহ্বান জানান মিচেলেত্তি। একটি সূত্র জানায়, কঠিন চাপের মুখে জেলায়াকে তিনি দেশে ফেরার অনুমতি দিতে পারেন। "আলোচনা শুরু করার সহযোগিতা করার জন্য হন্ডুরাসে" বিশেষ দূত হিসেবে ইন্টার আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক এর সাবেক প্রেসিডেন্ট এনরিক ইগলেসিয়াসকে হন্ডুরাসে পাঠানোর আহ্বান জানিয়ে মিচেলেত্তি বলেন, "এ আলোচনায় নাগরিক সমাজ, গির্জা, পেশাজীবী দল, ছাত্র, ব্যবসায়ী সংগঠন, গণমাধ্যম, রাজনৈতিক দলসহ সবার অংশগ্রহণে কার্যকর যোগাযোগ হতে হবে।" যুক্তরাষ্ট্র জেলায়াকে পুনর্বহালের দাবি জানিয়েছে এবং মঙ্গলবার মিচেলেত্তির প্রশাসনের চার সদস্যর কূটনৈতিক ভিসা পাওয়ার অধিকার বাতিল করে দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬১২ ঘ.