নয়াদিল্লি, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- ভারতের পার্লামেন্টে বৃহস্পতিবার বিরোধী দলের সদস্যরা প্রধানমন্ত্রীর পাকিস্তান নীতির প্রতিবাদের তীব্র শোরগোল তুলে ওয়াকআউট করেছে। তারা অভিযোগ করেন, সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টায় দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে।
প্রধানমন্ত্রী মনমোহন সিং এ মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে যে যৌথবিবৃতিতে স্বাক্ষর করেছেন তাতে পাকিস্তানের সঙ্গে সীমান্ত শান্তি প্রক্রিয়ার আলোচনায় সন্ত্রাসবাদের বিষয়টিকে শর্ত থেকে বাদ দেওয়া হয়েছে।
বিরোধী এমপিরা এই পদক্ষেপ ছাড়াও ওই যৌথবিবৃতিতে মনমোহন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের প্রসঙ্গটি রেফারেন্স হিসেবে অন্তর্ভুক্ত করতে রাজি হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন। বেলুচিস্তান প্রদেশে বিদ্রোহী তৎপরতায় ভারত ইন্ধন যোগাচ্ছে বলে পাকিস্তান অভিযোগ করে আসছে। নয়াদিল্লি অবশ্য বরাবরই এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
বৃহস্পতিবার লোকসভার অধিবেশন শুরু হলে পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ বলেন, বেলুচিস্তানের ব্যাপারে ভারতের লুকানোর কিছুই নেই। এই কারণেই দুই প্রধানমন্ত্রী বিষয়টি বিবৃতিতে অন্তর্ভুক্ত করতে রাজি হন।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা লাল কৃষ্ণ আদভানি বলেন, "আমাদের কিছুই লুকানোর নেই- এটি একটি অদ্ভুত কথা।" তিনি যোগ করেন, বেলুচিস্তানের প্রসঙ্গটি বিবৃতিতে অন্তর্ভুক্ত করার ব্যাপারে মনমোহনের আপত্তি করা উচিত ছিল।
বিরোধী সদস্যদের নিয়ে ওয়াক আউট করার আগে তিনি বলেন, "এর পরেও বিষয়টি যদি অন্তর্ভুক্ত করতেই হবে, তবে মনমোহনের উচিত ছিল এটা বলা যে, বেলুচিস্তানে যা ঘটছে তার সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই।"
মনমোহন আগের দিন লোকসভায় পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়ের চেষ্টার পক্ষে তার যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। আলোচনায় চালিয়ে যাওয়াই সামনে এগুনোর সবচেয়ে ভাল পথ। আলোচনা ছাড়া বিকল্প পথ হচ্ছে যুদ্ধে জড়ানো যেটি কারোই কাম্য নয়।
ভারত গত বছর নভেম্বরে মুম্বাই হামলার পর পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা বন্ধ করে দিয়েছে। তবে বুধবার লোকসভায় মনমোহন বলেন, মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার তদন্তে ইসলামাবাদ কিছু অগ্রগতি অর্জন করেছে।
মনমোহন বলেন, "আমি আন্তরিকভাবে বিশ্বাস করি, পাকিস্তানের সঙ্গে যোগাযোগের চ্যানেল উন্মুক্ত রাখা আমাদের অবশ্যই দায়িত্ব।"
"আমরা পাকিস্তানের সঙ্গে সরাসরি আলোচনা না করলে তৃতীয় পক্ষের উপর নির্ভর করতে হবে তা করার জন্য... আপনারা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ না চাইলে ধাপে ধাপে অগ্রসর হওয়া ছাড়া আর কোনো পথ নেই...সংলাপ ও যোগাযোগ রক্ষা করাই এগুনোর সেরা পথ।"
মনমোহনের নতুন এই পাকিস্তান নীতির বিষয়ে এমনকি তার কংগ্রেস দলেরও কেউ কেউ বেশ সন্দিহান। তারা মনে করে তা ভারতের নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। আর বিরোধী দলীয় নেতাদের অনেকে নভেম্বরের মুম্বাই হামলায় পাকিস্তানের ইন্ধন থাকার অভিযোগ করে মনমোহনের শান্তি আলোচনা শুরুর উদ্যোগের প্রকাশ্য বিরোধিতা করছে।
বুধবার লোকসভায় মনমোহন আরও বলেন, পাকিস্তানকে অস্থিতিশীল করার কোনও অভিপ্রায় ভারতের নেই-- এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে নতুন করে আশ্বস্ত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২২২৫ ঘ.
bdnews24