নয়াদিল্লি, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- য্ক্তুরাষ্ট্রভিত্তিক লকহীড মার্টিন কর্পোরেশন বলেছে, তারা ভারতকে ছয়টি সি-১৩০জে সামরিক বিমান সরবরাহের কাজ দ্রুততর করবে। পাশাপাশি তারা সম্ভাব্য ১ দশমিক ১ বিলিয়ন ডলার মূল্যের আরও ছয়টি বিমান বিক্রি করার জন্য নয়াদিল্লির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা একথা জানিয়েছেন।
বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা কোম্পানি লকহীড গত বছর ভারতের কাছে ১ দশমিক ১ বিলিয়ন ডলার মূল্যে ছয়টি সি-১৩০জে পরিবহন বিমান বিক্রি করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এটাই ছিল ভারতের সবচেয়ে বড় সামরিক চুক্তি।
বৃহস্পতিবার লকহীডের ঊর্ধ্বতন ব্যবস্থাপক জ্যাক গিসে রয়টার্সকে বলেছেন, "আমরা ২০১১ সালের প্রথম তিনমাসের দিকেই বিমানগুলো সরবরাহ শুরু করব। এই সময়সূচি রক্ষা করার জন্য এই মুহূর্তে আমরা দ্রুতবেগে কাজ করে যাচ্ছি।"
"ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে ছয়টি সি-১৩০জে বিক্রির চুক্তির আলোকে তাদের কাছে আরও ছয়টি বিক্রির সুযোগ রয়েছে। আমরা এ ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছি।"
গত সপ্তাহে ভারতের সঙ্গে সম্পাদিত প্রতিরক্ষা চুক্তির বদৌলতে ভারতের কাছে বিক্রি করা সব সামরিক সরঞ্জাম নিয়মিত পরিদর্শন করার সুযোগ পাবেন মার্কিন পরিদর্শকরা। এতে ভারতের প্রতিরক্ষা সরঞ্জামের বাজারে লকহিডের মতো মার্কিন কোম্পানিগুলো ব্যবসা করার সুযোগ তৈরি হয়েছে।
ভারত অস্ত্রশস্ত্রের অন্যতম বৃহৎ আমাদানিকারক দেশ। পাকিস্তান ও চীন থেকে সম্ভাব্য হুমকি মোকাবেলায় ভারত সোভিয়েত আমলের সামরিক ব্যবস্থার উন্নয়ন ঘটাতে আগামী পাঁচ বছরে ৩০ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করার পরিকল্পনা নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬২৩ ঘ.
bdnews24