ওয়াশিংটন, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পারস্পরিক অবিশ্বাস দূর করে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট, জলবায়ু পরিবর্তন এবং উত্তর কোরিয়ার মতো ইস্যুগুলোতে ঘনিষ্ঠ সহযোগিতার মধ্য দিয়ে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
তিনি বলেন, চীন-এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক একবিংশ শতাব্দী গড়বে। যেটি বিশ্বে যে কোনও দ্বিপক্ষীয় সম্পর্কের মতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর সেই বাস্তবতাই আমাদের অংশীদারিত্বের ভিত রচনা করবে।
সংঘাত নয়, সহযোগিতাই সামনে এগুনোর পথ বলে ওবামা মন্তব্য করেন। ওয়াশিংটনে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার নতুন ফোরামে কৌশলগত ও অর্থনৈতিক আলোচনার উদ্বোধনী বক্তব্যে ওবামা এই মন্তব্য করেন ।
মার্কিন ও চীনা কর্মকর্তারা আলোচনায় অংশ নিচ্ছেন। মার্কিন কর্মকর্তাদের মধ্যে রয়েছেন রাজস্ব মন্ত্রী টিমোথি গেইদনার এবং পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। চীনের পক্ষ থেকে রয়েছেন, উপপ্রধানমন্ত্রী ওয়াং কিশান এবং স্টেট কাউন্সিলর ডাই বিঙ্গু।
দুদিন ব্যাপী এই সংলাপে প্রাধান্য পাচ্ছে অর্থনৈতিক মন্দা পুনরুদ্ধারের বিষয়টি। এছাড়াও, আলোচ্যসূচিতে রয়েছে, পরমাণু অস্ত্র বিস্তার রোধ, উত্তর কোরিয়া, ইরান এবং স্বচ্ছ জ্বালানির উৎস সৃষ্টির মতো বিষয়গুলো।
বর্তমান সঙ্কটের মুখে দুদেশকে অবশ্যই শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বহুমুখী সহযোগিতায় প্রতিশ্র"তিবদ্ধ থাকতে হবে বলে ওবামা মন্তব্য করেন।
ওবামা চীন ও যুক্তরাাষ্ট্রের পারস্পরিক অবিশ্বাস দূর করা প্রয়োজন বলে উল্লেখ করেন। কিন্তু একইসঙ্গে চীনকে তার জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা ও শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বেইজিংয়ের বিরাগভাজন হওয়ারও ঝুঁকি নেন।
ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার ব্যাপারে ওবামা বলেন, "চীনের সংস্কার এবং অর্থনীতির বিকাশের মধ্য দিয়ে চীন ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি বাণিজ্য সম্পর্ক প্রতিষ্ঠা করাসহ চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৪৪ ঘ.
bdnews24