২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসকের ক্লিনিকে তল্লাশি

যুক্তরাষ্ট্রের ওষুধ তদারকি কর্তৃপক্ষ এবং লস এঞ্জেলেসের পুলিশ বুধবার মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারের ক্লিনিকে তল্লাশি চালিয়েছে। হত্যার প্রমাণ খুঁজতেই এ তল্লাশি চালানো হয়েছে বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2009, 09:01 AM

Updated : 26 Aug 2022, 11:47 AM

হিউস্টন, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---যুক্তরাষ্ট্রের ওষুধ তদারকি কর্তৃপক্ষ এবং লস এঞ্জেলেসের পুলিশ বুধবার মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারের ক্লিনিকে তল্লাশি চালিয়েছে। হত্যার প্রমাণ খুঁজতেই এ তল্লাশি চালানো হয়েছে বলে জানা গেছে। ওষুধ তদারকি কর্তৃপক্ষের ওয়াশিংটনভিত্তিক মুখপাত্র রাস্টি পেইন জানান, পপসম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুর কারণ খুঁজতেই তারা উত্তর হাউস্টনের আর্মস্ট্রং মেডিক্যাল ক্লিনিকে তল্লাশি চালিয়েছে। এই তল্লাশিতে জড়িত ছিল হত্যাকাণ্ড বিষয়ক লস এঞ্জেলেস পুলিশ বিভাগের তদন্ত দল। তল্লাশি পরোয়ানায় তাদের তল্লাশির পাশাপাশি তথ্য এবং মালামাল বাজেয়াপ্ত করারও অধিকার দেওয়া হয়েছে বলে জানান মারের আইনজীবী এড শেরনফ। কারণ তারা বিশ্বাস করছে, জ্যাকসনকে হত্যা করা হতে পারে। তবে লস এঞ্জেলেস পুলিশের মুখপাত্র তাদের গোয়েন্দাদের তল্লাশি পরোয়ানার কথা নিশ্চিত করলেও তারা কী উদ্দেশ্যে তল্লাশি চালাচ্ছে সেটি বলতে অস্বীকার করেন। তবে নামপ্রকাশে অনিচ্ছুক এক আইন তদারকি কর্মকর্তা জানিয়েছেন, মাইকেলের মৃত্যুর আগে সেবন করা চেতনানাশক ডিপ্রাইভেনের খোঁজেই মূলত তল্লাশি চালানো হয়েছে। যা মিডিয়ায় বেশ আলোচিত হয়েছে। এ তল্লাশি চলাকালে ক্লিনিকের আশেপাশে টেলিভিশন ক্যামেরাবাহী ট্রাক এবং হেলিকপ্টারের উপস্থিতি ছিল। দুপুরের মধ্যে তল্লাশি শেষ করে দলটি ক্লিনিক থেকে বেরিয়ে যায়। এ সময় তারা একটি বিজনেস কম্পিউটারের ফরেনসিক ইমেজসহ ২১টি তথ্য নিয়ে যায় বলে জানান শেরনফ। হিউস্টন এক পুলিশ কর্মকর্তা ভিড় করা সাংবাদিকদের জানান," ক্লিনিক কর্তৃপক্ষ তাদের পুরো সহায়তা দিয়েছে।" শুধু তাই নয়, লস এঞ্জেলেসের করোনার অফিস থেকে জ্যাকসনের পুষ্টিবিদ ও নার্স চেরিলিন লি'র অফিসেও তল্লাশি চালায়। নার্স চেরিলিন এর আগে দাবি করেছিলেন 'থ্রিলার' খ্যাত গায়ক একবার তার কাছে চেতনানাশক ওষুধ চেয়েছিলেন। গত ২৫ জুন পপসম্রাট মাইকেল জ্যাকসনকে তার বাড়ি থেকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে পরে তিনি মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমএইচবি/১৬১০ ঘ.