ব্যাংকক, ২২ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আঞ্চলিক প্রভাবশালী দেশগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে উত্তর কোরিয়াকে কঠিন পছন্দের মুখে দাঁড় করাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। পরমাণু কর্মসূচি পরিহারে রাজি করাতে উত্তর কোরিয়াকে পুরস্কার নয়ত কঠোর শাস্তি ভোগের যে কোনও একটি বেছে নিতে বলার পরিকল্পনা নিয়েছেন তিনি।
উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি চালিয়ে গেলে কঠোর নিষেধাজ্ঞা, আর তা পরিহার করলে অর্থনৈতিক ও কূটনৈতিক সুযোগ-সুবিধার প্রস্তাব দিতে চান হিলারি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা একথা জানিয়েছেন।
বিষয়টি নিয়ে আলোচনার জন্য হিলারি পর্যটন দ্বীপ ফুকেটে চীন, জাপান, রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বুধবার আলাদা আলাদা বৈঠক আয়োজন করেন।
উত্তর কোরিয়া গত দুই মাসে দ্বিতীয়বারের মতো সাতটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এছাড়াও অর্থনৈতিক ও কূটনৈতিক সুবিধা গ্রহণের বিনিময়ে পরমাণু কর্মসূচি বন্ধের প্রস্তাব সম্বলিত ছয়জাতি আলোচনাও তারা প্রত্যাখ্যান করেছে।
সামরিক শাসনাধীন মিয়ানমারের সঙ্গে উত্তর কোরিয়ার সামরিক সংযোগের বিষয়টি নিয়ে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশ করেছেন হিলারি ক্লিনটন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা ১৮৭৪ এর বাস্তবায়নই তাদের লক্ষ্য। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে খুবই কঠিন পছন্দের মুখে দাঁড় করাতে চায় বলে মন্তব্য করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।
তিনি বলেন, "বর্তমান পথ অনুসরণ করলে উত্তরপূর্ব এশিয়ার এই দেশটি আরও উদ্বেগ, আরো একাকিত্ব... এবং আরও বিরূপ পদক্ষেপের মুখে পড়বে।"
আর তারা পরমাণু কর্মসূচি পরিহারে ইতিবাচক পদক্ষেপ নিলে উল্টো চিত্র ফুটে উঠবে। কেবল যুক্তরাষ্ট্রই নয়, অন্য দেশগুলোর কাছ থেকেও সহযোগিতা পাবে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫২৭ ঘ.
bdnews24