থাইল্যান্ড, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- থাইল্যান্ডে সোমবার বৈঠকে বসেছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট (আসিয়ান) এর পররাষ্ট্রমন্ত্রীরা। ইন্দোনেশিয়ায় গত সপ্তাহের আত্মঘাতী হামলার পর বৈঠকে প্রাধান্য পাচ্ছে সন্ত্রাস-বিরোধী কর্মসূচি নিয়ে আলোচনা। এছাড়াও আলোচ্যসূচিতে রয়েছে অর্থনীতি ও মানবাধিকারের বিষয়টি।
বৈঠকে মন্ত্রীরা আসিয়ান দেশগুলোর অর্থনীতি শক্তিশালী করার উপায় খোঁজার পাশাপাশি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইসহ নতুন মানবাধিকার কমিশন গড়ে তোলার ব্যাপারে মতৈক্যে পৌঁছার চেষ্টা নেবেন।
বৈঠকের উদ্বোধনী ভাষণে থাই প্রধানমন্ত্রী অভিসিৎ ভেজ্জাজিভা অর্থনীতি সম্পর্কে মন্ত্রীদেরকে বলেন, "আসিয়ান সংরক্ষণবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এ অঞ্চলের অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।"
সোমবারের বৈঠকে মন্ত্রীরা আসিয়ান দেশগুলোর অর্থনীতি আরও জোরদার করার চেষ্টা নেবেন।
অন্যদিকে, মানবাধিকার কমিশন গঠনের ব্যাপারে রোববার আসিযানে সর্বোচ্চ সর্বসম্মতি হয়েছে বলে জানিয়েছেন থাই পররাষ্ট্রমন্ত্রী কাসিত পিরোমিয়া। এই কমিশন আসিয়ানের ১০ সদস্যদেশসহ মিয়ানমারের বিশেষ পরিস্থিতি বিবেচনায় নেবে।
মানবাধিকার ও অর্থনীতির পাশাপাশি সন্ত্রাস মোকাবেলায়ও জোর পদক্ষেপ গ্রহণের চেষ্টা নেবেন আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীর। আসিয়ান ইতোমধ্যেই ইন্দোনেশিয়ায় শুক্রবারের বোমা হামলার নিন্দা জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫৭ ঘ.
bdnews24