২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনাই সামনে এগুনোর একমাত্র পথ:মনমোহন-গিলানি

দুই বৈরি প্রতিবেশী দেশের সামনে এগুনোর একমাত্র পথ হিসাবে আলোচনা এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে বৃহস্পতিবার একমত হয়েছেন ভারত ও পাকিস্তানের দুই প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ইউসুফ রাজা গিলানি। মিশরের শার্ম এল শেখ এ জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) সম্মলনের ফাঁকে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে একথা জানিয়েছেন দুই নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2009, 11:38 AM

Updated : 26 Aug 2022, 11:45 AM

শার্ম এল শেখ, মিশর, ১৬ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- দুই বৈরি প্রতিবেশী দেশের সামনে এগুনোর একমাত্র পথ হিসাবে আলোচনা এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে বৃহস্পতিবার একমত হয়েছেন ভারত ও পাকিস্তানের দুই প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ইউসুফ রাজা গিলানি। মিশরের শার্ম এল শেখ এ জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) সম্মলনের ফাঁকে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে একথা জানিয়েছেন দুই নেতা। বিবৃতিতে বলা হয়, আলোচনাই যে সামনে আগানোর একমাত্র পথ দুই প্রধানমন্ত্রীই তা স্বীকার করেছেন। এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, পাকিস্তানের সঙ্গে সব ইস্যু নিয়ে আলোচনা করতেই ভারত প্রস্তুত। ওদিকে, দুই দেশের মধ্যকার সব বিরোধ নিয়ে আলোচনা করতে পাঁচ বছরের পুরোনো শান্তি আলোচনা প্রক্রিয়া পুনরায় চালু করতে পাকিস্তানও আগ্রহী বলে জানানো হয়েছে। বৈঠকে দুই প্রধানমন্ত্রী পুরো পরিসরে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টি আলোচনা করেছেন এবং আলোচনা খুবই আন্তরিক ও গঠনমূলক হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এ আলোচনা এগিয়ে নিতে দু নেতাই রাজি হয়েছেন। একইসঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধেও একযোগে লড়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তারা। নভেম্বরে ভারতে মুম্বাই হামলার পর বৃহস্পতিবারের এই বৈঠক ভারত ও পাকিস্তানের মধ্যে উচ্চ পর্যায়ের তৃতীয় বৈঠক। ওই হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা বন্ধ করে দেয়। মুম্বাই হামলায় পাকিস্তানের হাত থাকার অভিযোগ করে আসছে ভারত। কিস্তু পাকিস্তান এতে সরকারের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে এবং হামলার জন্য দায়ীদের বিচার করবে বলে জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, বৈঠক থেকে দুপক্ষ একেবারে শূন্য হাতে ফেরেনি। ভবিষ্যতে আলোচনার দ্বার খোলা রেখেছে উভয়পক্ষই। মুম্বাই হামলার পর এর মধ্য দিয়ে দু'দেশ অচলবস্থা থেকে বেরিয়ে এসেছে। লাহোরের বিশ্লেষক হাসান আসকারি রিজভি বলেছেন, সংলাপের প্রকৃতি নিয়ে কোনও প্রতিশ্র"তি না দিলেও দুপক্ষ আলোচনার পথেই দৃঢ় আস্থা প্রকাশ করেছে। এর অর্থ হচ্ছে, আলোচনার পথ খোলা এবং সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের ব্যবস্থায় সন্তুষ্ট হলে ভারত সংলাপের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১১ ঘ.