ইতালি, লা'কুইলা, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জি-এইট নেতারা দরিদ্র দেশগুলোর খাদ্যঘাটতি ঘুচানোর লক্ষ্যে কৃষিখাতের উন্নয়নে ২০ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে। এই খাতে প্রত্যাশার চেয়ে বেশি বিনিয়োগের ঘোষণা এলেও জলবায়ু পরিবর্তন ও বিশ্ব বাণিজ্য বিষয়ে এবারের জি-এইট সম্মেলনে অগ্রগতি হয়েছে খুবই কম।
দরিদ্র দেশগুলোকে শুধু খাদ্য সাহায্যের পরিবর্তে কৃষিতে বিনিয়োগের মাধ্যমে তাদের খাদ্যে স্বনির্ভর করে তোলার নীতি গ্রহণ করতে বিশ্ব নেতাদের ওপর চাপ দিয়ে সফল হয়েছে যুক্তরাষ্ট্র। তিন বছরের এই কর্মসূচিতে যুক্তরাষ্ট্র একাই ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে।
এদিকে আফ্রিকার দেশগুলো ধনী দেশগুলোর প্রতি অতীত অঙ্গীকার রক্ষা করার আহ্বান জানিয়েছে।
ইতালির লা'কুইলায় সম্মেলনের শেষপর্যায়ে ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি বলেন, "জি-এইট, আফ্রিকা ও ইউরোপের দেশ এবং বিভিন্ন বহুজাতিক সংস্থার মধ্যে আলোচনা শেষে আমরা দরিদ্র দেশগুলোর কৃষিতে আগামী তিন বছরের সাহায্যের পরিমাণ ২৫ বিলিয়ন ডলার থেকে ২০ ডলারে উন্নীত করতে পেরে আমরা সন্তুষ্ট।"
এর আগে খসড়া বিবৃতি থেকে রয়টার্স জানিয়েছিল, দরিদ্র দেশগুলোতে কৃষি বিনিয়োগ ত্বরান্বিত করাসহ খাদ্য সরবরাহ বাড়াতে আগামী তিন বছরে ১৫ বিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্র"তি দেবেন জি-এইট এর ধনী দেশগুলোর নেতারা।
বিবৃতিতে বলা হয়, কৃষিতে বিনিয়োগ ঘাটতি, অস্থিতিশীল দ্রব্যমূল্য এবং অর্থনৈতিক সঙ্কটের ত্রিমুখী প্রভাবে উন্নয়নশীল দেশগুলোতে ক্ষুধা ও দারিদ্র বাড়ছে।
জাতিসংঘের হিসাবমতে, দরিদ্র দেশগুলোতে অপুষ্টির শিকার লোকজনের সংখ্যা গত দু বছরে বেড়ে গেছে এবং এ বছর তা আরও বেড়ে ১ দশমিক ০২ বিলিয়ন হওয়ার আশঙ্কা আছে।
জি-এইট এর লক্ষ্য হচ্ছে, দরিদ্র দেশগুলোর কৃষি উৎপাদন বাড়ানো, বেসরকারি খাতের ওপর জোর দেওয়াসহ প্রাকৃতিক সম্পদ রক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, প্রশিক্ষণ এবং বাণিজ্য প্রবাহ বাড়ানো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১২৩ ঘ.
bdnews24