২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু কর্মসূচিতে 'এক কদমও' পিছু হটবে না ইরান

পরমাণু কর্মসূচি থেকে 'এক কদমও' পিছু হটবে না ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলি খামেনির পররাষ্ট্র বিষয়ক শীর্ষ উপদেষ্টা আলি আকবর বেলায়াতি একথা বলেছেন। ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম আইআরআইবি বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে এ বক্তব্য প্রকাশ করেছে। এর মধ্য দিয়ে পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে বিরোধে ইরানের অটল অবস্থান আরও স্পষ্ট হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2009, 10:42 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

তেহরান, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু কর্মসূচি থেকে 'এক কদমও' পিছু হটবে না ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলি খামেনির পররাষ্ট্র বিষয়ক শীর্ষ উপদেষ্টা আলি আকবর বেলায়াতি একথা বলেছেন। ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম আইআরআইবি বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে এ বক্তব্য প্রকাশ করেছে। এর মধ্য দিয়ে পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে বিরোধে ইরানের অটল অবস্থান আরও স্পষ্ট হল। বেলায়াতি বলেন, "ইরান শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনা করুক পশ্চিমা বিশ্ব তা চায় না। তিনি আরও বলেন, ফ্রান্স ও ব্রিটেন আলোচনার টেবিলে ইরানকে দুর্বল দেখতে চাইবে। পরমাণু কর্মসূচি পুরোপরি বন্ধের পর ইরান দুর্বল হয়ে থাকুক সেটাই চাইবে তারা। কিন্তু ইসলামি প্রজাতন্ত্র ইরান আগের চেয়েও শক্তিশালীভাবে আন্তর্জাতিক অঙ্গনে উঠে আসবে। তারা শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি থেকে এক কদমও পিছু হটবে না।" বেলায়াতি বুধবার এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে আইআরআইবি। তবে তিনি ইতালির জি-এইট সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির বিবৃতির প্রেক্ষিতে এ বক্তব্য দিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। সারকোজি বুধবার বলেছেন, জি-এইট পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় রাজি হওয়ার জন্য ইরানকে আগামী সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিচেছ। অন্যথায় ইরানে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ইরান বরাবরই পরমাণু কর্মসূচি বন্ধের দাবি প্রত্যাখ্যান করে এসেছে। ইরান জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যেই তারা এই কর্মসূচি চালাচ্ছে। অপরদিকে, ইরান বোমা তৈরির উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালাচ্ছে বলে পশ্চিমা বিশ্বের অভিযোগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৫৪ ঘ.