লা ইকুইলা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্ব উষ্ণায়ন নিয়ে নতুন করে চুক্তিবদ্ধ হওয়ার চেষ্টায় বৃহস্পতিবার ইতালির জি-এইট সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর নেতাদের নিয়ে আলোচনায় বসেছেন ধনী দেশগুলোর নেতারা। বিশ্ব উষ্ণায়নের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য নিয়েও একমত হওয়ার চেষ্টা চলবে সম্মেলনে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবারের জলবায়ু আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু চীন ও ভারত আগেভাগেই ২০৫০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন অর্ধেকে নামিয়ে আনার দাবি প্রত্যাখ্যান করায় বিশ্ব উষ্ণায়নের নতুন লক্ষ্যমাত্রা নিয়ে চুক্তিতে একমত হওয়ার আশা ক্ষীণ হয়ে পড়েছে।
ইতালির লা ইকুইলায় তিনদিনব্যাপী এই সম্মেলনের প্রথম দিন বুধবার বিশ্ব উষ্ণায়ন ২০৫০ সালের মধ্যে শিল্প বিপ্লব যুগের তাপমাত্রার চেয়ে সর্বোচ্চ ২ ডিগ্রি সেলসিয়াসে (৩ দশমিক ৬ ফারেনহাইট) সীমাবদ্ধ রাখতে একমত হন নেতারা। একইসঙ্গে ওই সময়ের মধ্যে কার্বন নির্গমন ৫০ থেকে ৮০ শতাংশ কমানোরও প্রতিশ্র"তিও দেন তারা।
বিশ্বের নড়বড়ে অর্থনৈতিক অবস্থাও প্রথমদিনের আলোচনায় প্রাধান্য পায়। যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, ইতালি, কারাডা ও রাশিয়া প্রতিটি দেশই অর্থনৈতিক স্থিতিশীলতায় বিরাজবান ভয়াবহ ঝুঁকির কথা স্বীকার করে।
বিশ্ব উষ্ণায়ন প্রসঙ্গে ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি বলেন, শিল্প বিপ্লব শুরুর পর থেকে ব্যাপকমাত্রায় জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে বিশ্বের তাপমাত্রা ইতোমধ্যেই প্রায় ০ দশমিক ৭ সেলসিয়াস বেড়েছে। ফলে প্রত্যেকেরই কাঁধে কাঁধ মিলিয়ে এই সমস্যা সমাধানের ভার বহন করা উচিত।
উন্নয়নশীল দেশগুলো ২ ডিগ্রি সেলসিয়াসে বিশ্ব উষ্ণায়ন সীমাবদ্ধ রাখার লক্ষ্যমাত্রা মেনে নিতে রাজি থাকলেও এটি অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবে কার্বন নির্গমন ব্যাপকমাত্রায় কমাতে তারা রাজি নয়। বিশেষ করে যতক্ষণ পর্যন্ত না তারা উন্নত দেশগুলোর কাছ থেকে আরও অর্থনৈতিক সহযোগিতার প্রতিশ্র"তি পাচ্ছে।
ভারতের আলোচকরা বলেছেন, তারা চায় ধনী দেশগুলো প্রথমে উন্নয়নশীল দেশগুলোকে তাদের বিভিন্ন সমস্যা মোকাবেলায় অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা নিক। কিন্তু বার্লুসকোনি বলেন, কেবল ইউরোপীয় দেশগুলো এবং জাপান, যুক্তরাষ্ট্র, কানাডা কার্বন নির্গমন হ্রাসের পদক্ষেপ নেবে আর বাদবাকী বিশ্ব যেমন চলছে তেমনই চললে বিশ্ব উষ্ণায়ন হ্রাসের লক্ষ্যমাত্রা কোনও ফল বয়ে আনবে না।
বৃহস্পতিবার নতুন জলবায়ু লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা শুরুর আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেন, "আজ আমরা টেবিলে আলোচনায় বসা সব দেশের সঙ্গেই ২ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্যমাত্রা নিয়ে একমত হতে পারব বলে আশা করছি।"
ওদিকে, জি-এইট এর এক সূত্র বলেছে, জি-এইট এর সঙ্গে যোগ দেওয়া ১৭ জাতির 'মেজর ইকোনোমিক ফোরাম' (এমইএফ) এর মধ্যে ২ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যমাত্রা নিয়ে মতৈক্য হওয়ার সুযোগ আছে। তবে কার্বন নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা নিয়ে বৃহস্পতিবার চুক্তি হওয়ার বাস্তবিক কোনও আশা নেই।
চীনে অস্থিরতার কারণে প্রেসিডেন্ট হু জিনতাও জি-এইট সম্মেলন বাতিল করে চলে যাওয়ার কারণেও জলবায়ু আলোচনায় অগ্রগতি ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে।
ওদিকে, বিশ্লেষকরা বলছেন, জি-এইট এর বিশ্ব উষ্ণায়নের নতুন লক্ষ্যমাত্রাটি প্রশ্নসাপেক্ষ। তাছাড়া, এ লক্ষ্যমাত্রা কিভাবে অর্জন করা হবে তারও কোনও নির্দেশনা নেতারা দেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৮ ঘ.
bdnews24