ওয়াশিংটন, জুলাই ০২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রঢটার্স)--- আটশ'র বেশি প্রাণী ও উদ্ভিদ প্রজাতি গত পাঁচ শতকে বিলুপ্ত হয়ে গেছে। আরও প্রায় ১৭ হাজার প্রজাতি বিলুপ্তির হুমকিতে রয়েছে বলে বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার জানিয়েছে।
বিশদ পর্যালোচনার মাধ্যমে পাওয়া এ তথ্য নির্দেশ করে আন্তর্জাতিক কমিউনিটি ২০১০ সালের মধ্যে প্রাণবৈচিত্র্য রক্ষার যে লক্ষ্য নির্ধারণ করেছিল, সেটা আর সম্ভব হবে না। ২০০২ সালে বিশ্বের বেশির ভাগ দেশের সরকার প্রাণবৈচিত্র্য রক্ষার প্রতিশ্র"তি দিয়েছিল।
আইইউসিএন এর সম্পাদক জ্যঁ-ক্রিস্তোফি ভি বলেছেন, ২০০৮ সালে আইইউসিএন এর বিলুপ্তি তালিকার তথ্যউপাত্তের ভিত্তিতে নতুন বিশ্লেষণটি প্রকাশ করা হল যাতে ২০১০ সালের লক্ষ্যকে পথ দেখানো সম্ভব হয়। অর্থনৈতিক সংকট ও প্রাকৃতিক বিষয়-আশয়ের মধ্যে একটি যোগসূত্র টানাও এর উদ্দেশ্য।
তিনি বলেন," আমরা প্রকৃতি এবং অর্থনীতির মধ্যে কোনও পার্থক্য করতে চাই না। আমরা শুধু চাই কোনো একটি সিদ্ধান্ত নেওয়ার সময় প্রকৃতিকেও সমান গুরুত্ব দেওয়া হোক।"
তিনি আরও বলেন,"কাজ গুরুত্বপূর্ণ, তবে কাজ অর্থ প্রকৃতির ক্ষতি করা নয়। অথচ এই ক্ষতি আমরা অনেক করেছি এবং দেখুন আমরা কোথায় এসে দাঁড়িয়েছি।"
আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থার নতুন বিশ্লেষণে দেখা গেছে, পঞ্চদশ শতাব্দি থেকে ৮৬৯ প্রজাতি এরইমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। আরও ২৯০টি প্রজাতি বিলুপ্তির দ্বারপ্রান্তে অথবা বিলুপ্তই হয়ে গেছে।
আর কমপক্ষে ১৬ হাজার ৯২৮টি প্রজাতি 'বিলুপ্তি হুমকি'তে রয়েছে। যার মধ্যে রয়েছে এক তৃতীয়াংশ উভচর প্রাণী, আট ভাগের এক ভাগেরও বেশি পাখি এবং এক চতুথাংশ স্তন্যপায়ী প্রাণী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমএইচবি/১৮৩৩ ঘ.
bdnews24