২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আহমাদিনেজাদের জয় নিশ্চিত করল ইরান

১২ জুনের নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের জয় নিশ্চিত করে নির্বাচন নিয়ে বিরোধ শেষের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ আইনি প্রতিষ্ঠান গার্ডিয়ান কাউন্সিল বলেছে, সোমবারের আংশিক ভোট পুনর্গণনায় সংস্কারপন্থি বিরোধীদের নির্বাচনে অনিয়মের অভিযোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2009, 06:15 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

তেহরান, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ১২ জুনের নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের জয় নিশ্চিত করে নির্বাচন নিয়ে বিরোধ শেষের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ আইনি প্রতিষ্ঠান গার্ডিয়ান কাউন্সিল বলেছে, সোমবারের আংশিক ভোট পুনর্গণনায় সংস্কারপন্থি বিরোধীদের নির্বাচনে অনিয়মের অভিযোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি। বিরোধীদল এই ভোট পুনর্গণনা যথেষ্ট নয় উল্লেখ করে পুরো নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে। কিন্তু গার্ডিয়ান কাউন্সিল আহমাদিনেজাদের জয় বহাল রাখায় এর বিরুদ্ধে বিরোধীদের এখন আর তেমন কিছু করার থাকছে না। সোমবার রাস্তায় রাস্তায় দাঙ্গা পুলিশের উপস্থিতি চোখে পড়লেও বড় ধরনের কোনও বিক্ষোভ বা অস্থিরতা দেখা যায়নি। ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম আইআরআইবি বলেছে, "গার্ডিয়ান কাউন্সিলের সেক্রেটারি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এবং প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষিত ফল নির্ভুল বলে রায় দিয়েছেন।" ১০ শতাংশ ভোট পুর্গণনার পর আহমাদিনেজাদের জয় বহাল রাখার এই সিদ্ধান্তের পর বিরোধীদের একে চ্যালেঞ্জ জানানোর আর তেমন কোনও বিকল্প পথ রইল না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আগেই হুঁশিয়ার করে দিয়ে বলেছিলেন, গণবিক্ষোভ আর সহ্য করা হবে না। ইরানে ইতোমধ্যেই আটক হয়েছে বিরোধীদলের শ' শ' সমর্থক। ফলে বিক্ষোভ হয়ে পড়েছে নেতৃত্বশূন্য। সেইসঙ্গে নির্বাচনী রায়ের বিরুদ্ধে বিরোধীদের আরও আইনি লড়াইয়ের সুযোগও কমে এসেছে। গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র বলেছেন, নির্বাচনী ফল যে নির্ভুল সেটি নিশ্চিত হওয়ার পরই তারা এ ব্যাপারে বিবৃতি ইস্যু করেছেন। নির্বাচনে কোনও অনিয়ম পাওয়া যায়নি বলে তিনি মন্তব্য করেন। ভোট কিভাবে পুনর্গণনা করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, কয়েকটি প্রদেশে ভোট পুনর্গণনা করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, ইরানের শাসকরা এর পরও আন্তর্জাতিক বিরোধিতার মুখে পড়বেন। কারণ, "নির্বাচন প্রক্রিয়া নিয়ে জনগণের কাছে তাদের বিশ্বাসযোগ্যতায় বড় ধরনের ব্যবধান আছে। অল্প সংখ্যক ভোট পুনর্গণনা করাতেই সে ব্যবধান দূর হবে বলে আমি মনে করি না।"