লস এঞ্জেলেস, জুন ২৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- লস এঞ্জেলেসের পুলিশ মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত ডাক্তারকে শনিবার তিনঘন্টা জেরা করেছে। একইসঙ্গে জ্যাকসনের মৃত্যুর দুই দিন পর তার পরিবারের ইচ্ছায় দ্বিতীয়বারের মতো মরদেহের ময়নাতদন্তও হয়েছে।
সেলিব্রেটি ওয়েবসাইট টিএমজে জানিয়েছে, পরিবারের নির্দেশে শনিবার বিকেলে লস এঞ্জেলেসে ২য়বার জ্যকসনের ময়নাতদন্ত হয়েছে। কিন্তু কোথায় তা করা হয়েছে তা জানানো হয়নি।
ওদিকে, জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক টেক্সাসের কার্ডিওলজিস্ট ডা কোনারড মারেকে শনিবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে লস এঞ্জেলেস পুলিশ। জ্যাকস মারা যাওয়ার সময় ওই চিকিৎসক তার পাশে ছিলেন।
তবে হিউস্টনের ল ফার্ম স্ট্র্যাডলে, শেরনফ অ্যান্ড অ্যালফোর্ড এক বিবৃতিতে বলেছে," ডা. মারেকে জ্যাকসনের মৃত্যু ঘটনায় সন্দেহভাজন নয় বরং সাক্ষী করার কথা ভাবা হচ্ছে।"
বিবৃতিতে আরও বলা হয়, ডা. মারে তাকে পুলিশি জিজ্ঞাসাবাদে পরামর্শ দেওয়ার জন্য একজন আইনি পরামর্শক ভাড়া করেছিলেন। যে পুলিশি জিজ্ঞাসাবাদ সঠিকভাবে হওয়ার বিষয়টি নিশ্চিত করতে ল ফার্মকে এজন্য ভাড়া করা হয়েছিল।"
এলএপিডি'র এক মুখপাত্র বলেন, তিনঘণ্টার জিজ্ঞাসাবাদের পরও জ্যাকসের মৃত্যু সম্পর্কে নতুন কিছু জানা যায়নি।
কী কারণে ৫০ বছর বয়সী এ পপ সম্রাটের মৃত্যু হয়েছে, তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত কারণ উদ্ঘাটনে পরীক্ষা-নিরীক্ষার জন্য কয়েক সপ্তাহ সময় লাগবে বলে করোনার অফিস জানায়।
মিডিয়ায় প্রকাশিত খবরের ভিত্তিতে মারা যাওয়ার আগে জ্যাকসন মাদকপূর্ণ পেইনকিলার ইনজেকশন নিয়েছিলেন। ডা. মারে নিস্পন্দ জ্যাকসনকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা চালান। এমনকি তিনি অ্যাম্বুলেন্সে চড়েও জ্যাকসনের সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এলকিউ/১৫০০ঘ.
bdnews24