হেবরন, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দখলীকৃত পশ্চিম তীরে কৃষিজমি নিয়ে শান্তি আন্দোলনের কর্মীদের সঙ্গে ইসরায়েলি সেনাদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। ফিলিস্তিনিরা জানিয়েছে, এতে রয়টার্সের একজন আলোকচিত্রীসহ বেশ কয়েকজন সামান্য আহত হয়েছে।
শান্তি আন্দোলনের কর্মীদের মধ্যে ইসরায়েলিদের সঙ্গে ফিলিস্তিনিরাও ছিল। হেবরন শহরের উত্তরে সাফায় ওই কর্মীরা কৃষি জমিতে প্রবেশ করতে চাইলে ইসরায়েলি সেনারা বাধা দেয়।
একজন ইসরায়েলি সেনা মুখপাত্র জানিয়েছেন, ওই অঞ্চলটি একটি সামরিক এলাকা, ফিলিস্তিনিদের জন্য সেটি উন্মুক্ত থাকলে ইসরায়েলি ও বিদেশির জন্য সেখানে প্রবেশ নিষিদ্ধ।
তিনি জানান, ওই ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পশ্চিম তীরে প্রায় ২৫ লাখ ফিলিস্তিনির পাশাপাশি প্রায় ৫ লাখ ইহুদি বসতকারীরাও সেখানে থাকে। প্রায়ই ইসরায়েলি বসতকারী ও সেনাদের সঙ্গে সেখানে ফিলিস্তিনিদের সংঘর্ষ ঘটে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৪৯ ঘ.
bdnews24