২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যাকসনের হঠাৎ মৃত্যু নিয়ে রহস্য

মাইকেল জ্যাকসনের হঠাৎ মৃত্যু নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে মানুষের মধ্যে। সবার মনেই প্রশ্ন এমন কী হলো যে বহু প্রতীক্ষিত লন্ডন কনসার্ট শুরুর মাত্র সপ্তাহ কয়েক আগে পপগুরু এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2009, 09:36 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

লস এঞ্জেলেস, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মাইকেল জ্যাকসনের হঠাৎ মৃত্যু নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে মানুষের মধ্যে। সবার মনেই প্রশ্ন এমন কী হলো যে বহু প্রতীক্ষিত লন্ডন কনসার্ট শুরুর মাত্র সপ্তাহ কয়েক আগে পপগুরু এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন? শিশুশিল্পী থেকে সর্বকালের অন্যতম সেরা পপতারকায় পরিণত হওয়া জ্যাকসন সব সময়েই মিডিয়ার পাতা দখল করে রেখেছিলেন তার অদ্ভুত জীবনাচরণ দিয়ে। যে কারণে বৃহস্পতিবার লস এঞ্জেলেস হাসপাতালে মারা যাওয়ার একদিন না পেরোতেই জ্যাকসনের মৃত্যু নিয়ে রহস্য আর গুঞ্জন ডালপালা মেলেছে। অবশ্য শুক্রবার পর্যন্ত তার মৃত্যু নিয়ে খুব অল্পই জানা গেছে। গ্রেট এন্টারটেইনার জ্যাকসনকে অচেতন অবস্থাতেই হাসপাতালে আনা হয়। এ সময় তার শ্বাস-প্রশ্বাসও বন্ধ ছিল। ডাক্তাররা তাকে আর ফিরিয়ে আনতে পারেনি। বৃহস্পতিবার গভীর রাতে জ্যাকসনের মৃতদেহ একটি হেলিকপ্টারে করে মর্গে নিয়ে যাওয়া হয়। জ্যাকসন পরিবারের মুখপাত্র ব্রায়ান অক্সম্যান বৃহস্পতিবার সিএনএনকে জানান, জ্যাকসনের পরিবার তার অসুস্থতা সম্পর্কে জানতো এবং তারা কয়েক মাস ধরে চেষ্টা করেছে জ্যাকসনকে সারিয়ে তুলতে। জুলাইয়ে লন্ডনে অনুষ্ঠেয় জ্যাকসনের ৫০টি কনসার্টের প্রস্তুতি সম্পর্কে অক্সম্যান বলেন,"রিহার্সেলের ব্যাপারে মাইকেল খুবই সিরিয়াস ছিলেন। তিনি বেশ কয়েকবার রিহার্সেলও করেছিলেন।" তিনি আরও বলেন," জ্যাকসন ঠিক মতোই ওষুধপত্র খাচ্ছিলেন, মঞ্চে পড়ে গিয়ে পা ভাঙ্গার ইনজুরিও সেরে আসছিল।" শুক্রবার জাকসনের মৃতদেহের ময়নাতদন্ত হবে। তবে কর্তৃপক্ষ বলেছে, মৃত্যুর কারণ খুঁজে পেতে অন্তত সাত দিন সময় লাগবে। বিষবিদ্যার রিপোর্ট আসার জন্য অপেক্ষা করতে হবে। আর এ রিপোটের্ই জ্যাকসনের দেহে মাদক, অ্যালকোহল অথবা ডাক্তারের পরামর্শ মতো ওষুধ সেবনের কোনো প্রভাব ছিল কি না সে সম্পর্কে জানা যাবে। লস এঞ্জেলেস পুলিশ বিভাগের গোয়েন্দারা ইতোমধ্যে জ্যাকসনের বাড়ি খানাতল্লাশি করেছে। কিন্তু তারা এই অভিযানকে 'নৈমিত্তিক ঘটনা' বলে অভিহিত করেছে। 'থ্রিলার' এবং 'বিলি জিন' অ্যালবাম দিয়ে '৮০ দশক টপচার্ট কাঁপানো জ্যাকসনের নতুন করে ফিরে আসার কনসার্ট ছিল লন্ডনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমএইচবি/১৬৩৮ ঘ.